বগুড়ার রাহুল গ্রুপ : শ্রমিকদের বেতন বাড়ছে মাসে ৫০০ টাকা, কাজে যোগ দেওয়ার ঘোষণা

বগুড়ায় রাহুল গ্রুপের শ্রমিকেরা গতকাল শনিবার রাতে সড়ক অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ করেনছবি : প্রথম আলো

বগুড়ায় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রাহুল গ্রুপের কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের এক দিন পর মালিকপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠক হয়েছে। রাহুল গ্রুপের পক্ষ থেকে কারখানার ছয় শতাধিক শ্রমিকের মজুরি ৩৫ শতাংশ বৃদ্ধি ও জনপ্রতি ৫০০ টাকা মাসিক প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে ওই বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠক করেন। সমঝোতা হওয়ার পর শ্রমিক প্রতিনিধিরা কাজে যোগদানের ঘোষণা দেন।

বৈঠকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রায়হান উদ্দিন ও বগুড়া জেলা ডিবির ওসি ইকবাল বাহার, রাহুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিসি পালিত শঙ্কর উপস্থিত ছিলেন। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা ডিবির ওসি ইকবাল বাহার বলেন, শ্রমিকেরা গতকাল শনিবার রাতে সড়ক অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ করেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ডিবি কার্যালয়ে বৈঠকে ডাকা হয়। শান্তিপূর্ণ এ বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানা কর্তৃপক্ষ মজুরি বৃদ্ধি ও জনপ্রতি ৫০০ টাকা মাসিক ভাতা প্রদানের ঘোষণা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার রাহুল গ্রুপ দীর্ঘদিন ধরে শর্ষের তেল, আটা, ময়দা, সুজি, লাচ্ছা সেমাই, চিকন সেমাই, চিনিগুঁড়া চাল, আচারসহ নানা ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। সদর উপজেলার চাঁদমহা হরিপুর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় ছয় শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানায় এত দিন শ্রমিকেরা দিনরাতে ১২ ঘণ্টা কাজ করতেন। সম্প্রতি শ্রম আইন মেনে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা করার ঘোষণা দেন। এতে ১২ ঘণ্টায় শ্রমিকেরা যে মজুরি পেতেন, সেই মজুরি কর্মঘণ্টা হিসাব করে ৮ ঘণ্টা হিসাবে নির্ধারণ করা হয়। ফলে শ্রমিকদের মজুরি কমে আসে। এতে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকেরা মজুরি নির্ধারণের দাবি তুলে সপ্তাহখানেক আগে বারপুর-জয়পুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দেয়। গতকাল কারখানা কর্তৃপক্ষ ৩৫ শতাংশ মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়, কিন্তু তা প্রত্যাখান করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিকেরা।

রাহুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিসি পালিত শঙ্কর প্রথম আলোকে বলেন, ৮ কর্মঘণ্টা নির্ধারণ করার পর শ্রমিকেরা যে মজুরি পেতেন, এর সঙ্গে ৩৫ শতাংশ বৃদ্ধি করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। এরপরও শ্রমিকেরা মেনে না নেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে মালিক-শ্রমিক দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে জনপ্রতি আরও ৫০০ টাকা মাসিক মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।