সীতাকুণ্ডে একেএস স্টিল কারখানায় হামলা ও লুটপাট, ৩০ জনকে আসামি করে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায় হামলার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। কারখানার নিরাপত্তা প্রহরীদের শিফট ইনচার্জ মো. আলাউদ্দিন বাদী হয়ে সুনির্দিষ্ট ১০ জনসহ ৩০ জনকে আসামি করে মামলাটি করেন।
মামলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।’
একেএস স্টিল মিলের উপমহাব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ অস্ত্রধারী একদল ডাকাত তাঁদের কারখানায় এসে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা পাঁচজনকে তারা পিটিয়ে জখম করে। কারখানার ফটকে থাকা নিরাপত্তা বক্স ও একটি পিকআপ ভাঙচুর করে ২০ হাজার টাকা লুট করে। এ সময় নিরাপত্তা প্রহরীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় তাঁরা ৩০ জনকে আসামি করে মামলা করেছেন।
মামলায় আসামিরা হলেন উপজেলার শীতলপুরের মো. রাজিব, মো. রাজু, মান্না, রবিউল হোসেন, মো. বাছা মিয়া, মো. ইমন, সুমন, রাকিব, মো. ফারুক ও ইমন। এ ছাড়া অজ্ঞাতনামা আসামির সংখ্যা ২০।