নেতারা হয় পলাতক, নয় জেলে

বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক মামলা, গ্রেপ্তার ও দীর্ঘদিন ধরে জামিন না পাওয়ায় খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হতাশা ভর করেছে। দীর্ঘসময় ধরে মহানগর ও জেলার শীর্ষ নেতাদের কেউ কারাগারে আছেন, কেউবা আত্মগোপনে। চলমান আন্দোলনে অন্য নেতা-কর্মীরা তাঁদের কাছে পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা।

খুলনায় হরতাল-অবরোধের সমর্থনে মাঝেমধ্যে ঝটিকা মিছিল হলেও উপজেলাগুলোতে একেবারেই কোনো কার্যক্রম নেই। উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়গুলোও বন্ধ আছে। শহরের কেডি ঘোষ রোডে মহানগর ও জেলা বিএনপির কার্যালয় দেড় মাস ধরে বন্ধ থাকার পর ১৪ ডিসেম্বর দুপুরে তালা খুলে ভেতরে প্রবেশ করেন কিছু নেতা-কর্মী। তবে শীর্ষ নেতাদের কেউ সেখানে ছিলেন না।

বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। অথচ পুলিশি হয়রানি এড়াতে তাঁদের অনেকেই রাতে বাড়িতে ঘুমাতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, মামলা-গ্রেপ্তার আতঙ্ক, নেতাদের সঙ্গে যোগাযোগ করতে না পারাসহ নানা কারণে মাঠের আন্দোলনে ভাটা পড়েছে। এসব কারণে কর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা।

ফ্যাসিস্ট সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবেনা। এ কারণে তারা মরিয়া হয়ে নির্যাতন শুরু করেছে।
শফিকুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক

বিএনপিপন্থী আইনজীবীরা জানান, ২৮ অক্টোবরের পর থেকে খুলনা নগরের ৮টি থানায় ১০টি এবং জেলার ৯টি থানায় ২৫টি মামলা করেছে পুলিশ। বেশির ভাগ মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। মামলায় নামে-বেনামে আসামি করা হয়েছে সাত থেকে আট হাজার। আসামিদের মধ্যে জেলা-মহানগর থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতারাও আছেন। তাঁদের ধরতে পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে। এতে নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। অনেকে আত্মগোপনে চলে গেছেন। এখনো অন্তত ৪৬৬ জন নেতা-কর্মী কারাগারে আছেন। উচ্চ আদালত থেকে কেউ কেউ জামিন নিয়ে বের হলেও তাঁরা আন্দোলনে সক্রিয় নন।

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম (মনা), সদস্যসচিব শফিকুল আলম (তুহিন), মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ, সদস্যসচিব তাজিম বিশ্বাস, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম একরামুল হক, সাধারণ সম্পাদক ফারুক হিলটনসহ শীর্ষ নেতারা আত্মগোপনে আছেন।

অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ২ নভেম্বর থেকে কারাগারে আছেন। জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান আত্মগোপনে থেকে দলীয় দিকনির্দেশনা দিচ্ছেন। জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবীর নিষ্ক্রিয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক ৫ নভেম্বর মিছিল থেকে গ্রেপ্তার হওয়ার পর বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে আছেন। এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি শাহবাগ থানার একটি মামলায় ৩ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সক্রিয় আছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. তৈয়বুর রহমান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাতক আছেন। তবে তাঁদের দুজনকে মাঝেমধ্যে মিছিলে অংশ নিতে দেখা যায়।

দেড় মাসে বিএনপির কার্যক্রম বিশ্লেষণ করে দেখা গেছে, শুরুর দিকে শীর্ষ নেতারা কর্মসূচিতে থাকলেও পরে তাঁদের কার্যক্রম ঝিমিয়ে যায়। তিন সপ্তাহ ধরে জেলা ও মহানগর বিএনপির কয়েকজন যুগ্ম আহ্বায়ক, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাতেগোনা কয়েকজন নেতাকে দলীয় কর্মসূচির সমর্থনে ঝটিকা মিছিল করতে দেখা যায়। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বেশির ভাগ সদস্যই কর্মসূচিতে অনুপস্থিত থাকেন। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচিতেও বেশির ভাগ নেতা যাননি।

শফিকুল আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্র থেকেই শীর্ষ নেতাদের আত্মগোপনে থেকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে নির্দেশনা আছে। নেতা-কর্মীরাও আত্মগোপনে থেকে কার্যক্রম পরিচালনা করেন, সেটা চান। কারণ, তাঁরা বাইরে এলেই গ্রেপ্তার হবেন। তখন কর্মীরা আন্দোলনে আগ্রহ হারিয়ে ফেলবেন। তাঁরা আত্মগোপনে থেকেই নেতা-কর্মীদের একত্রিত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জেলার ৬টি ও নগরের ১টি থানা বিএনপির শীর্ষ ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বলেন, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কোনো পর্যায়ের নেতা-কর্মীই এখন নিরাপদে নেই। তাঁরা বাড়িতে থাকতে পারছেন না। তাঁদের না পেয়ে পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এজাহারভুক্ত আসামি না হলেও অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে। দীর্ঘদিন হয়ে গেলেও আদালত তাঁদের জামিন দিচ্ছেন না। এ জন্য নেতা-কর্মীরা কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

আন্দোলনে সফলতা আসবেই মন্তব্য করে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম বলেন, ‘আমরা মনে করছি ফ্যাসিস্ট সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবে না। এ কারণে তারা মরিয়া হয়ে নির্যাতন শুরু করেছে। চলমান আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন আছে।’