রায়পুরায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত
নরসিংদীর রায়পুরায় আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন হাসনাবাদের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন।
নিহত দুজন হলেন রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আবদুল মান্নাফ (৫০) ও মৃত আবদুল কাদির মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪৫)। তাঁরা দুজনই উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক ছিলেন বাচ্চু মিয়া। তাঁর পাশেই বসা ছিলেন আবদুল মান্নান। তাঁরা দুজনেই ওই অটোরিকশা করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অসতর্ক অবস্থায় আমিরগঞ্জ রেলক্রসিং পার হচ্ছিল অটোরিকশাটি। এদিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রাজাধানী ঢাকার দিকে যাচ্ছিল। ওই ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় দুই বন্ধু আবদুল মান্নান ও বাচ্চু মিয়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিলেন না।
স্থানীয় লোকজন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ঘটনা জানান। এ খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ই নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে দুজন নিহত হয়েছেন।