নরসিংদীতে পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত শিশুসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবপুরে পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে দুমড়েমুচড়ে যায় পাশের একটি টিনের ঘর। বৃহস্পতিবার উপজেলার দুলালপুর গ্রামের মধ্যপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

নরসিংদীর শিবপুর উপজেলায় পরিত্যক্ত একটি মাটির ঘরের দেয়াল ধসে পাশের একটি টিনের ঘরে পড়ায় শিশুসহ এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন দুলালপুর গ্রামের মধ্যপাড়া এলাকার সাদেক মিয়া (৩০), তাঁর স্ত্রী শামীমা আক্তার (২৪) ও তাঁদের একমাত্র মেয়ে সামিরা আক্তার (৪)। দুর্ঘটনার সময় তাঁরা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীদের সহায়তায় তাঁদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী জানান, ধসে পড়া ঘরটির মালিক দুলালপুর মধ্যপাড়া এলাকার মৃত মাজেদ আলীর ছেলে মো. সামসুদ্দীন। প্রায় ১৫ বছর ধরে ঘরটি পরিত্যক্ত পড়ে ছিল। যেকোনো সময় ধসে পড়তে পারে আশঙ্কা থেকে প্রতিবেশীরা সেটি ভেঙে ফেলার জন্য বারবার অনুরোধও করেছেন। কিন্তু সামসুদ্দীনও ঘরটি ভাঙবেন–ভাঙবেন বলেও ভাঙেননি। টানা বৃষ্টিতে ঘরটি দুর্বল হয়ে গিয়েছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ ঘরের দেয়াল ধসে পাশের টিনের ঘরে পড়ে। এ সময় এক পাশ থেকে ওই টিনের ঘরটি দুমড়েমুচড়ে মাটির সঙ্গে মিশে যায়। এতে ঘরে থাকা বিভিন্ন আসবাব ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরে ঘুমন্ত সাদেক, শামীমা ও সামিরা আহত হয়।

শব্দ ও চিৎকার শুনে প্রতিবেশীরা টিনের চালা ও আসবাব সরিয়ে আহত তিনজনকে উদ্ধার করেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। ইতিমধ্যে দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা বলেন, পরিত্যক্ত ঘরটি টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল। দেয়াল ধসে পড়ার ঘটনায় আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের চাওয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহত সাদেক মিয়ার মা রোকেয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে সামসুদ্দীনকে ঘরটি ভাঙার কথা বলেছেন। কিন্তু তিনি পাত্তা দেননি। আজ ঘরের দেয়াল ধসে তাঁদের টিনের ঘরটি ভেঙে গেছে। তাঁর ছেলে, ছেলের বউ ও নাতনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। ঘরে থাকা ছেলের মোটরসাইকেল ও ফার্নিচার ভেঙে গেছে। ওই ঘরটি ভেঙে ফেললে আজ এই ঘটনা ঘটত না বলে তিনি জানান।

মাটির ঘরের মালিক মো. সামসুদ্দীনের ভাষ্য, ‘ঠিক করেছিলাম দুই মাস পরে ঘরটি ভেঙে ফেলব। এরই মধ্যে আজ সকালে এটি ধসে পড়ল। যেহেতু দুর্ঘটনা ঘটেই গেছে, এখন কী করা যায়, ওই পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করব।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, দেয়াল চাপা পড়ে তিনজন আহত হওয়ার ঘটনা তিনি শোনেননি। তবে ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।