রংপুরে ১৭তম স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে ১৭তম স্ত্রী তানজিনা বেগমকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আবু সাঈদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক এম আলী আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। ঘটনার ১৬ বছর পর তানজিনা হত্যা মামলায় আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আবু সাঈদ পলাতক। মামলার অপর আসামি আবু সাঈদের ১৮তম স্ত্রী তাছকিরা বেগমকে খালাস দেওয়া হয়েছে। তবে তাছকিরা বেগমও পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার অনন্তরামপুর গ্রামের তাজিম উদ্দিনের মেয়ে তানজিনা খাতুনের সঙ্গে ওই উপজেলার পালগড় গ্রামের আজিমুদ্দিনের ছেলে আবু সাঈদের বিয়ে হয়। তানজিনা তাঁর ১৭তম স্ত্রী ছিলেন। পরে আবু সাঈদ তাছকিরা বেগম নামের আরও এক নারীকে বিয়ে করেন। ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে ১৫ হাজার টাকা যৌতুকের দাবিতে আবু সাঈদ তাঁর স্ত্রী তাছকিরার সহযোগিতায় তানজিনাকে পিটিয়ে হত্যার পর মরদেহ পাশের ধান খেতে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় পর দিন ৯ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করেন তানজিনার বাবা তাজিম উদ্দিন।

তদন্ত শেষে ওই বছরের ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা জিয়াউল হক। ৩০ জুলাই বিচার কার্যক্রম শুরু হয়। ২০১০ সালের ২৬ জুলাই জামিন পেয়ে কিছুদিন আদালতে হাজিরা দেন মামলার প্রধান আসামি আবু সাঈদ। এরপর ২০১১ সালের ২৩ অক্টোবর থেকে পলাতক রয়েছেন তিনি। অপর আসামি তাছকিরা বেগম ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি জামিন পেয়ে ২০১৪ সালের ১৮ মে থেকে পলাতক। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি তাজিবুর রহমান বলেন, ‘অভিযুক্ত আবু সাঈদ যৌতুকের লোভে ১৮টি বিয়ে করেন। তানজিনাকে বিয়ের সময় ২৫ হাজার টাকা যৌতুকের মধ্যে ১০ হাজার টাকা দেন তার বাবা। বাকি ১৫ হাজার টাকার দাবিতে তানজিনাকে পিটিয়ে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আবু সাঈদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি।’