বগুড়ায় কবি সম্মেলনে সম্মাননা পেলেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া লেখকচক্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা। আজ শনিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে
ছবি : প্রথম আলো

বগুড়ায় কবি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শনিবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজনকে লেখক চক্র পুরস্কার দেওয়া হয়েছে। এ বছর কবিতায় মুজিব মেহদী, কথাসাহিত্যে প্রশান্ত হালদার, প্রবন্ধ-সাহিত্যে সরদার আবদুল মান্নান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘মানুষ’ সম্পাদক শফিক সেলিম এবং সাংবাদিকতায় আমজাদ হোসেনকে লেখক চক্র সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

পাঁচজনের হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার। এ পর্বে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমদ। এ পর্বে অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ, কবি শোয়েব শাহরিয়ার, কবি মাহমুদ কামাল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম ও কবি-সম্পাদক অনিকেত শামীম।

দুই বাংলার কবি, লেখক ও সাহিত্যিকদের এ মিলনমেলা ভাঙছে আগামীকাল রোববার।

বগুড়া লেখক চক্রের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই বাংলার কবি-সাহিত্যিকদের নিয়ে তিন দিনব্যাপী এ কবি সম্মেলনের আজ দ্বিতীয় দিনও মুখর ছিল বগুড়া জেলা পরিষদ চত্বর। এদিন ‘কবিতায় সমাজ বিচ্ছিন্নতা ও সাম্প্রতিক সময়’, ‘পাঠকের দোরগোড়ায় কথাসাহিত্য কতটুকু?’, ‘ব্যক্তিক নৈর্ব্যক্তিক’, ‘তারুণ্যের কবিতা: কতটুকু আগামী কতটুকু ভবিষ্যৎ’, ‘তৃণমূলে সাহিত্য আন্দোলনে প্রতিবন্ধকতা’, ‘ছড়া সাহিত্য বিমুখতার নেপথ্যে’ এবং ‘কবি ও কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনা পর্বে এপার-ওপার দুই বাংলার শতাধিক কবি অংশ নেন।

সন্ধ্যায় স্বামী-স্ত্রী দুজনেই কবি এমন কবি জুটিদের নিয়ে ‘কবিতায় জুটি, জীবনের জুটি’ শীর্ষক পর্ব সঞ্চালনা করেন কবি সোয়েব শাহরিয়ার। কবি আলমগীর মালেক ও বীথি মজিদা দম্পতির সভাপতিত্বে এ পর্বে অংশ নেন শোয়াইব জিবরান-সুলতানা জেসমিন দম্পতি, মনজুর রহমান-তুলি রহমান দম্পতি, ইন্দ্রজিৎ সরকার-কামরুন নাহার কুহেলী দম্পতি, জাহিদ সোহাগ-শারমিনুর নাহার দম্পতি, অচিন্ত্য চয়ন-চয়নিকা সাথী দম্পতি, সাইফুল বিন হানিফ-আফসানা জাকিয়া দম্পতি, নিলয় রফিক-আকলিমা আঁখি এবং রবু শেঠ-মৌ সুমাত্রা দম্পতি।

বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, শুদ্ধ ও সৃজনশীল সাহিত্যচর্চায় বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর যাত্রা করে। ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবি সম্মেলনে এবার দুই বাংলার দুই শতাধিক প্রথিতযশা কবি ও সাহিত্যিকের মিলনমেলা জমে উঠেছে।

দুই বাংলার কবি, লেখক ও সাহিত্যিকদের এ মিলনমেলা ভাঙছে আগামীকাল রোববার। দুপুর ১২টায় মম ইন ইকোপার্কে কবিতা ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী ঘটবে তিন দিনের মিলনমেলা।