সিলেটে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেট নগরের অভ্যন্তরে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হৃদয় আহমদ (২৭) নগরের বাগবাড়ি নরসিংটিলা এলাকার শহীদ মিয়ার ছেলে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ লোকজনকে সান্ত্বনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নগরের নবাব রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হৃদয় বাসা থেকে বের হয়ে শেখঘাটের দিকে যাচ্ছিল। পথে নবাব রোড এলাকায় পৌঁছালে শেখঘাটের দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় ছিটকে সড়কের পাশে ফুটপাতে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের সামনের অংশ এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে শেখঘাট-নবাব রোড সড়ক অবরোধ করেন। সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লামাবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল বলেন, মাইক্রোবাস ও মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

তিনি আরও বলেন, মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।