সখীপুরের চাঁদের হাট ‘বিনোদনকেন্দ্রে’ যুগলদের টার্গেট করত চক্রটি

চাঁদের হাট ‘বিনোদনকেন্দ্রে’র মূল ফটক। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় আজ দুপুরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের কচুয়া দক্ষিণ পাড়া এলাকায় অবস্থিত চাঁদের হাট ‘বিনোদনকেন্দ্র’ ঘিরে গড়ে ওঠা একটি অপরাধী চক্র যুগলদের টার্গেট করত। সন্ধ্যা হলেই ফেরার পথে তাঁদের আটক করে বনের ভেতর নিয়ে সর্বস্ব লুটে নিত। আজ শনিবার দুপুরে চাঁদের হাট বিনোদনকেন্দ্রে গিয়ে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার চাঁদের হাট বিনোদনকেন্দ্র থেকে ফেরার পথে সন্ধ্যা পৌনে সাতটার দিকে এক দম্পতিকে আটক করে ওই চক্র। পরে গজারিবনে নিয়ে গাছের সঙ্গে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেন সাতজন। রাত একটার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূ সখীপুর থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই ধর্ষণের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে। দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন।

গতকাল শুক্রবার গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হক (২৮) টাঙ্গাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার বুলবুল আহমেদ (২৪), লাবু মিয়া (২৬), মোহাম্মদ বাবুল (৩০), আসিফ হাসান (২৩), শফিক আহমেদকে (২৫) আদালত টাঙ্গাইল কারাগারে পাঠিয়েছেন। আসামিদের বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণ পাড়া চাঁদের হাট এলাকায়। এর মধ্যে আসিফ হাসান সরকারি মুজিব কলেজের শেখ রাসেল জাতীয় শিশু–কিশোর পরিষদের সাধারণ সম্পাদক। তিনি সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল বিজয়ের অনুসারী বলে জানা গেছে।

আরও পড়ুন

এ ব্যাপারে খন্দকার রকিবুল বিজয় প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার আসিফ হাসানের সরকারি মুজিব কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তাঁর অপকর্মের কথা শুনে আমরা তাঁকে শেখ রাসেল জাতীয় শিশু–কিশোর পরিষদ থেকে বহিষ্কার করেছি।’

আজ দুপুর ১২টার দিকে চাঁদের হাট বিনোদনকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে সাইনবোর্ডসর্বস্ব আটটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো আমাদের কলেজ, আনোয়ারা-খালেক বিদ্যাপীঠ, প্রিন্সিপাল আলীম মাহমুদ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, জ্ঞান অন্বেষা পাঠাগার, তথ্যপ্রযুক্তি কেন্দ্র, হাজী নায়েব আলী দাতব্য চিকিৎসালয়, জাতীয় সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র, বয়স্ক শিক্ষা সচেতনতা ও বিনোদনকেন্দ্র এবং প্রচেষ্টা নামের নারী আত্মকর্মসংস্থান কেন্দ্র। এগুলোর মধ্যে আনোয়ারা-খালেক বিদ্যাপীঠ নামের একটি কিন্ডারগার্টেনে কিছুসংখ্যক শিক্ষার্থী থাকলেও বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কোনো শিক্ষার্থী নেই। তবে ওই বিনোদনকেন্দ্রে নানা ধরনের গাছপালা ও ফুলের বাগান থাকায় দর্শনার্থীরা ওই স্থানে ঘুরতে আসেন।

গ্রেপ্তার আসিফ হাসানের সরকারি মুজিব কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তাঁর অপকর্মের কথা শুনে আমরা তাঁকে শেখ রাসেল জাতীয় শিশু–কিশোর পরিষদ থেকে বহিষ্কার করেছি।
খন্দকার রকিবুল বিজয়, সভাপতি, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ

চাঁদের হাটের প্রধান ফটকে দেখা যায়, কোনো নিরাপত্তাকর্মী নেই। কেন্দ্রে ঢোকার পর কিন্ডারগার্টেনের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক আজম মাহমুদকে পাওয়া যায়। তিনি বলেন, এটা আসলে কোনো বিনোদনকেন্দ্র নয়। এখানে রয়েছে অনেক প্রতিষ্ঠান। এখনো চালু হয়নি। কেবলমাত্র তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষা বোর্ড থেকে একাদশ শ্রেণিতে এবার ভর্তির অনুমতি পেয়েছে। এ কারণেই চাঁদের হাটের ফটকে কোনো নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়নি।

চাঁদের হাটের আশপাশের বাসিন্দা আবদুল কাদের ও আনসার আলী প্রথম আলোকে বলেন, অনেকেই বিকেলবেলা চাঁদের হাটে বেড়াতে আসেন। চাঁদের হাটের দুই পাশেই বনজঙ্গল। আশপাশে তেমন বসতি নেই। এখানে দর্শনার্থীদের তেমন কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই।

চাঁদের হাট আসলে কোনো বিনোদনকেন্দ্র নয়। এখানে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে আমাদের অনুমতি নিয়ে কেউ কেউ মাঝেমধ্যে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে যে ঘটনা ঘটেছে, তা ঘটেছে চাঁদের হাটের বাইরে।
আলীম মাহমুদ, চাঁদের হাটের প্রতিষ্ঠাতা

একাধিক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এ বিনোদনকেন্দ্রকে ঘিরে কিছু বখাটে বেড়াতে আসা লোকজনকে, বিশেষ করে অপরিচিত যুগলকে টার্গেট করে। ওই কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তাঁদের আটক করে পাশের জঙ্গলে নিয়ে নির্যাতন করে। টাকাপয়সা, মুঠোফোন ছিনতাইসহ নানা অপকর্ম ঘটায়। যাঁরা ধরা পড়েছেন, তাঁরা সবাই ছিঁচকে সন্ত্রাসী। তাঁদের কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। সরকারি দলের ছত্রচ্ছায়ায় তাঁরা এসব অপকর্ম করতেন।

চাঁদের হাটের প্রতিষ্ঠাতা সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলীম মাহমুদ আজ প্রথম আলোকে বলেন, ‘চাঁদের হাট আসলে কোনো বিনোদনকেন্দ্র নয়। এখানে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে আমাদের অনুমতি নিয়ে কেউ কেউ মাঝেমধ্যে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে যে ঘটনা ঘটেছে, তা ঘটেছে চাঁদের হাটের বাইরে।’

ধর্ষণের শিকার গৃহবধূ গতকাল সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার বিকেলবেলা আমরা চাঁদের হাটে বেড়াতে যাই। সন্ধ্যার একটু আগে বুলবুল ও বাবুল নামের দুই যুবক আমাদের আটক করে। তারা আমাদের কাছে জানতে চায়, আমরা স্বামী-স্ত্রী কি না। আমরা বারবার স্বামী-স্ত্রীর পরিচয় দিলেও তারা মানতে চায়নি। তারা আমার স্বামীর মানিব্যাগ ও মুঠোফোন কেড়ে নেয়। একপর্যায়ে মারধর করে। এরপর শফিক নামের একটি ছেলেকে ফোনে ডাকে। ফোন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে শফিক কয়েকজন বন্ধু নিয়ে চলে আসে। সবার সঙ্গে লাঠি ছিল। লাঠি দিয়ে আমার স্বামীকে তারা পেটায়। আমরা দুজনই তাদের পায়ে ধরেছি। বলেছি, আমরা স্বামী-স্ত্রী ও আমাদের একটা বাচ্চা আছে। ওরা কয়েকজন আমার স্বামীকে ধরে রাখে ও আমাকে কয়েকজন টেনেহিঁচড়ে পাশের গজারিবনে নিয়ে যায়। তারা দলবদ্ধভাবে প্রথমে আমাকে পাঁচজন ধর্ষণ করে। এরপর আমার হুঁশ ছিল না। তবে মনে হয়েছে, বেহুঁশ থাকা অবস্থায় আমাকে আরও দু-একজন ধর্ষণ করেছে। তারা সংখ্যায় সাতজনের বেশি ছিল। ধর্ষণের আগে তারা আমাকে বলেছে, চাঁদের হাটে বেড়াতে আসা যুগলদের আটক করে এ ধরনের কাজ তারা এর আগেও অনেক করেছে।’

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আসামিদের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার বাকি পাঁচ আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিরা এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে আমরা শুনেছি।’