বর্জ্যের কারণে পানিপ্রবাহ বন্ধ, মৃতপ্রায় খাল

স্থানীয় লোকজন বলছেন, এই খাল দেখভালের দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু তারা রক্ষণাবেক্ষণ ও সংস্কার না করায় খালটির এই দুরবস্থা হয়েছে।

আবর্জনা আর কচুরিপানায় প্রায় ভরাট বাস্তুহারা-কারিকরপাড়া খাল। সম্প্রতি খুলনা নগরের পাবলা কারিকরপাড়া এলাকার চিত্রছবি: সাদ্দাম হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের বাস্তুহারা-কারিকরপাড়া খাল ময়লা-আবর্জনায় প্রায় ভরাট হয়ে গেছে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই খালে বর্জ্যের কারণে পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ। এ ছাড়া খালটি ঘাস, আগাছা ও জলজ উদ্ভিদে পূর্ণ। মৃতপ্রায় খালটি শহরের জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে না। মশার প্রজননক্ষেত্রও এখন এই খাল।

স্থানীয় লোকজন বলছেন, এই খাল দেখভালের দায়িত্ব খুলনা সিটি করপোরেশনের। কিন্তু তারা রক্ষণাবেক্ষণ ও সংস্কার না করায় খালটির এই দুরবস্থা হয়েছে।

খুলনা নগরের শহীদ শেখ আবু নাসের হাসপাতালের অদূরে বাস্তুহারা এলাকা থেকে এই খালের শুরু হয়েছে। পরে নগরের দৌলতপুরের পাবলা কারিকরপাড়া হয়ে ময়ূর নদের অংশ ক্ষুদের খালের সঙ্গে খালটি মিশেছে। স্থানীয় ব্যক্তিদের কাছে খালের বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত। তবে নথিপত্রে বাস্তুহারা-কারিকরপাড়া খাল নামেই পরিচিত।

২০ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, খালের মধ্যে সরাসরি গৃহস্থালি বর্জ্য ফেলা হচ্ছে। ৫০-৬০ ফুট চওড়া খালের তলদেশ কৃষিখেতের সমতলে এসে দাঁড়িয়েছে। খালের হাসানবাগ এলাকার কাছে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে।

কারিকরপাড়া সেতুর ওপর দাঁড়িয়ে দেখা যায়, সেতু থেকে দুই দিকে ৫০ ফুটের মতো অংশে সরু নালার মতো জায়গা দিয়ে পানি প্রবাহিত হয়ে সামনের ঘাসের মধ্যে ঢুকে যাচ্ছে। এর পর থেকে ক্ষুদের খাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশে জলজ আগাছায় পূর্ণ। স্থানীয় ব্যক্তিরা খালের মাঝখানে গরু-ছাগল বেঁধে খাওয়াচ্ছেন। খালের পাড়ে জায়গায় জায়গায় চাষাবাদ করা হয়েছে। বিচ্ছিন্নভাবে খালের অংশে কিছু ঘরবাড়িও আছে।

খুলনা শহর ও এর আশপাশের প্রায় ৪৭টি খাল দূষণ ও দখলের কারণে ঝুঁকিপূর্ণ। এখানকার বাস্তুতন্ত্র বজায় রাখতে হলে সব বাধা অপসারণ করে মূল নদীর সঙ্গে খালগুলোর সংযোগ ঘটাতে হবে।
মাহফুজুর রহমান, খুলনা বিভাগীয় সমন্বয়কারী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)

খালের পাবলা কারিকরপাড়া সেতুর মোড়ের চায়ের দোকানদার মোহাম্মদ ঢালী বলেন, ‘একসময় এই পানি আমরা খাইতাম। অনেক গভীর ছিল খালটি। অনেক চওড়া ছিল। একসময় জোয়ার-ভাটা হইত। এই খালের ওপর দিয়ে রাস্তা হয়েছে। এখানে যে পাকা ড্রেন, ওইটাও একসময় খালের অংশ ছিল। চোখের ওপরে খালটা মরে গেল।’

স্থানীয় বাসিন্দারা জানান, নগরের দৌলতপুর, বয়রা ও খালিশপুর এলাকার ৫, ৬, ৭, ৮, ৯, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড থেকে বর্জ্যমিশ্রিত পানি বাস্তুহারা ও কারিকর পাড়ায় বড় দুটি পাকা নালা দিয়ে এই খালে পড়ে। ২০১৫ সালের দিকে খালটির কিছু অংশ খনন করা হয়েছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেই খননে কোনো উপকার মেলেনি। মশারও আবাসস্থল এই খাল। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ও নির্বিচারে আবর্জনা ফেলার কারণে ধীরে ধীরে খালটি ভরাট হয়ে যাচ্ছে। দু-এক জায়গায় একটু পানির দেখা মিললেও দূষণে তাতে হাত ছোঁয়ানোর অবস্থা নেই। স্থানীয় ব্যক্তিরা মনে করেন, শুধু বড় ধরনের খননকাজ চালিয়ে খালটি বাঁচবে না। খননের পরও ড্রেন থেকে যদি অপরিশোধিত বর্জ্য সরাসরি খালে মেশে, তাহলে খালটির পরিণতি এখনকার মতোই রয়ে যাবে।

পাবলা কারিকরপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, ১০-১২ বছর ধরে এই খাল বেশি খারাপ হয়ে গেছে। বর্ষাকালে খালভর্তি ময়লা পানির জন্য খালপাড়ের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে। দুই পাশে রাস্তার ওপর পানি উঠে যায়। আশপাশের মাছ চাষের ঘেরে খালের দূষিত পানি ঢোকায় চাষিদের ক্ষতির মুখে পড়তে হয়।

৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘২০০০ সাল পর্যন্ত খালটা ভালো ছিল। ডুমুরিয়া উপজেলার রংপুর আড়ংঘাটা, সালুয়া, পূর্ব বিলপাবলা, পশ্চিম বিলপাবলা গ্রামের লোকজন খাল দিয়ে খুলনা শহরের বয়রা, বাস্তুহারা, পাবলা, খালিশপুর ও দৌলতপুর এলাকায় আসতেন। সব ধরনের দেশি মাছ এই খালে পাওয়া যেত। এই খালে আমরা মাছ ধরতাম, নৌকা চালাতাম। কচুরিপানা ও কচুশাকের স্তর তিন-চার হাত পুরু হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে আবর্জনা-ময়লায় খালটা নষ্ট হয়ে গেছে। তবে দখল এখনো নিয়ন্ত্রণে আছে।’

শামসুদ্দিন আহমেদ বলেন, ‘খালটি রক্ষার জন্য আমরা প্রথম থেকে চেষ্টা করছি। কিন্তু বরাদ্দ না থাকার কারণে কাজ করতে পারিনি। তবে খালটি খনন করার প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, শুধু বাস্তুহারা খালই নয়, খুলনা শহর ও এর আশপাশের এলাকার মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৪৭টি খাল দূষণ ও দখলের কারণে ঝুঁকিপূর্ণ। এগুলোর মধ্যে ৩১টি খুলনা সিটি করপোরেশনের অধীন। এখানকার বাস্তুতন্ত্র বজায় রাখতে হলে সব বাধা অপসারণ করে মূল নদীর সঙ্গে খালগুলোর সংযোগ ঘটিয়ে অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে।

খুলনা সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার বলেন, সম্প্রতি জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ৪৯১ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন হয়েছে। ওই প্রকল্পের আওতায় খালটি খনন ও দুই পাড় বাঁধাই করা হবে।