ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

ময়মনসিংহে লাইচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইচ্যুত হয়ে পড়ে। আজ সকাল ১০টার দিকে নগরের কৃষ্টপুর এলাকায়ছবি: প্রথম আলো

ময়মনসিংহে লাইনচ্যুত একটি ট্রেন উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এতে কোনো যাত্রী হতাহত হননি। আজ বুধবার সকালে এসব দুর্ঘটনার পর পর ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ সকাল ৯টা ১২ মিনিটের দিকে ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়। এতে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। তবে সকাল ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের আগে কৃষ্টপুর এলাকায় উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়।

দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় লাইনচ্যুত হয় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার
ছবি: প্রথম আলো

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর সামনের নয়টি বগি নিয়ে ট্রেনটি স্টেশনে পৌঁছে যায়। পরে পেছনে আটকে থাকা অংশ উদ্ধারে উদ্ধারকারী ট্রেন পাঠানো হলে সেটিও লাইনচ্যুত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।