গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান ওরফে কিরনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চার মাসের মধ্যে এই অনুসন্ধান শেষ করতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আসাদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সাভারের বাসিন্দা মো. নজরুল ইসলাম নামের এক ব্যক্তি গত বছরের ২০ জুলাই দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন। এতে ফল না পেয়ে ওই ব্যক্তি ও গাজীপুরের বাসিন্দা জিল্লুর রহমান গতকাল সোমবার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সরওয়ার আহমেদ ও সাজ্জাদ উল ইসলাম। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানিতে ছিলেন।
পরে আইনজীবী সাজ্জাদ উল ইসলাম প্রথম আলোকে বলেন, ২১টি খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকে আবেদন করে ফল না পেয়ে রিটটি করেন আবেদনকারীরা। ২১টি অভিযোগের বিষয়েই অনুসন্ধান করতে বলা হয়েছে। আসাদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
এই আইনজীবী জানান, দুদক চেয়ারম্যান, স্থানীয় সরকার সচিব, দুদক সচিব, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ২০ জুলাই দুদকে করা আবেদনে আসাদুর রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উত্তরায় দুটি বাড়ি (একটির মূল্য ১৫ কোটি এবং অন্যটির মূল্য প্রায় ৩৫ কোটি টাকা), রূপায়ন সিটি উত্তরায় ম্যাজিস্ট্রিক ফেইস ভবনে দুটি লাক্সারিয়াস কন্ডোমিনিয়াম ফ্ল্যাট (১৬ দশমিক ৬০ কোটি টাকা), ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজের ও স্ত্রীর নামে ২০০ বিঘা জমির ওপর ফ্যাক্টরি (আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা), গুলশান–২ নম্বরে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট (আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা), গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন টঙ্গী জোনে তিনটি কারখানা (আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা), প্রথম মেয়াদে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দুর্নীতি করে পাচার করা টাকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনটি বাড়ি (মূল্য ৪০০ কোটি টাকা) এবং নিজ ও স্ত্রীর নামে, শ্যালক ও শালিকার নামে বিভিন্ন ব্যাংকের লকারে ৫০০–৬০০ ভরি সোনা ও হীরা রাখার অভিযোগ উল্লেখযোগ্য।