রাউজান গেলে যে কারণে আশীষ কুমারের প্যারা খেতেই হবে
চট্টগ্রামের রাউজানের ফকিরহাটে ছোট্ট এক দোকানে আশীষ কুমার দে তৈরি করেন ঐতিহ্যবাহী প্যারা মিষ্টি। বাবার কাছ থেকে শেখা পুরোনো রেসিপিতে তৈরি এই প্যারার স্বাদে মুগ্ধ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসীরাও। শুধু দুধ ও চিনি দিয়ে তৈরি এই প্যারা এখন মধ্যপ্রাচ্য ও ইউরোপেও যাচ্ছে।
দেখতে ঝরনার পানিতে ক্ষয়ে যাওয়া ছোট আর মসৃণ নুড়ির মতো। তাতে দুধ জাল দিয়ে তৈরি ঘন ক্ষীরের বাদামি একটা আভা। মুখে দিলে নিজের অজান্তেই স্বাদের কথা জানান দেবে জিব। চট্টগ্রামের রাউজানের আশীষ কুমারের প্যারা মিষ্টি যাঁরা খেয়েছেন তাঁদের প্রায় সবার অভিজ্ঞতা এমনই। বলা হয়, রাউজান গেলেন আর আশীষের প্যারা চেখে দেখলেন না তো সমুদ্রপাড়ে দাঁড়িয়েও আপনি পানিতে পা ভেজালেন না। কিন্তু কেন এই প্যারার এত খ্যাতি? এর উত্তর এক কথায় দেওয়া যায়, স্বাদের কারণে।
রাউজান সদরের ফকিরহাটে ছোট সাধারণ এক দোকানে এই অসাধারণ প্যারা বিক্রি হয়। দোকানের কোনো নাম, সাইনবোর্ড নেই। সবার কাছে আশীষের প্যারার দোকান হিসেবে পরিচিত। দোকানের এক পাশে চুলায় নিজ হাতে দুধ আর চিনি দিয়ে প্যারা তৈরি করেন আশীষ। বলতে যত সহজ, বাস্তবে ততই কঠিন প্যারা বানানোর কাজ। বড় ডেকচিতে লাকড়ির চুলায় তৈরি হয় প্যারা। দুধ নাড়তে হয় ক্রমাগত। গনগনে তাপে এই কঠিন কাজটাই দীর্ঘ সময় ধরে করতে হয়। ধীরে ধীরে ঘন হতে হতে সাদা দুধ বদলে লালচে বাদামি ঘন ক্ষীরে পরিণত হয়। সেটি আরও পাক দেওয়ার পর পাওয়া যায় প্যারার মণ্ড। এরপর হাতে লেচি কেটে তৈরি হয় প্যারা।
আশীষের বাবা কালীপদ দে–ও প্যারা বানাতেন। বাবার কাছ থেকে আশীষের প্যারা তৈরির হাতেখড়ি। বাবার দেওয়া সেই ছোট দোকান আর টিনশেডের কারখানায় প্যারা বানিয়ে চলেছেন আশীষ। তাঁর শৈশবে দেখা অনেক কিছু পাল্টালেও বাবার দেওয়া প্যারার রেসিপি পাল্টাননি তিনি। এই প্যারা এখন মধ্যপ্রাচ্যসহ নানা দেশে নিয়েও যাচ্ছেন প্রবাসীরা। আবার বিয়েশাদিসহ সামাজিক অনুষ্ঠানেও এই প্যারার চাহিদা আছে।
দোকানের কোনো নাম, সাইনবোর্ড নেই। সবার কাছে আশীষের প্যারার দোকান হিসেবে পরিচিত। দোকানের এক পাশে চুলায় নিজ হাতে দুধ আর চিনি দিয়ে প্যারা তৈরি করেন আশীষ। বলতে যত সহজ, বাস্তবে ততই কঠিন প্যারা বানানোর কাজ। বড় ডেকচিতে লাকড়ির চুলায় তৈরি হয় প্যারা। দুধ নাড়তে হয় ক্রমাগত। গনগনে তাপে এই কঠিন কাজটাই দীর্ঘ সময় ধরে করতে হয়। ধীরে ধীরে ঘন হতে হতে সাদা দুধ বদলে লালচে বাদামি ঘন ক্ষীরে পরিণত হয়। সেটি আরও পাক দেওয়ার পর পাওয়া যায় প্যারার মণ্ড। এরপর হাতে লেচি কেটে তৈরি হয় প্যারা।
আশীষ দে জানান, ১৯৮৬ সালে তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়তেন। তখন বাবা কালীপদ তাঁকে প্যারা বানাতে শেখান। এর কিছুদিন পর বাবা মারা যান। বাবার মৃত্যুর কারণে পড়ালেখা আর প্যারার দোকান একসঙ্গে সামলেছেন আশীষ। ১৯৯০ সালে এসএসসি পাস করে পুরোদমে লেগে যান বাবার মিষ্টান্নের ব্যবসায়।
শুধু প্যারা নয়, আশীষের হাতে বানানো মাখন আর ঘিয়েরও প্রচুর চাহিদা। দাম বেশি হলেও ক্রেতারা লাইন ধরে কিনে নিয়ে যান। গতকাল সোমবার সকাল ১০টায় আশীষের দোকানে ঢুকতেই দেখা গেল, বড় একটি ডেকচিতে লাকড়ির চুলায় দুধ গরম করছেন তিনি। পাশে মুঠোফোনে চলছে গান। তিনি ডেকচিতে লম্বা একটি হাতা দিয়ে দুধ নাড়ছিলেন। ঘন হয়ে আসা ক্ষীর পাকানো হলে সেটা ঠান্ডা হতে দিয়ে মাখন তোলার কাজে ব্যস্ত হয়ে যান তিনি। মাখন তুলতে দড়ি দিয়ে বড় ঘুটানি ঘোরাতে অর্থাৎ মন্থন করতে থাকেন তিনি। আর মন্থনে অমৃতের মতো উঠে আসে মাখন।
বেলা ১১টা নাগাদ প্যারা তৈরি শেষ হওয়ার আগেই ক্রেতাদের ভিড় জমতে থাকে। কেউ মাখন, কেউ ঘি আর কেউ প্যারা নিতে এসেছেন। সদ্য তৈরি প্যারা নিজেই মেপে প্যাকেট করে দেন আশীষ। মিষ্টি তৈরি থেকে বিক্রি—সবকিছু একাই করেন তিনি।
আশীষ জানান, তাঁর বাড়ি দোকান থেকে দুই কিলোমিটার দূরের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পালিতপাড়ায়। এক মেয়ে ও এক ছেলের বাবা তিনি। মেয়ে বড়। নাম তিন্নি দে। এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ছেলে তুহিন অষ্টম শ্রেণিতে পড়ে। ছেলেমেয়েদের পড়ালেখা আর সংসারের খরচ মিটিয়েও প্রতি মাসে কিছু সঞ্চয় হচ্ছে তাঁর। সব মিলিয়ে ব্যবসা বেশ ভালো চলছে। মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ থাকে তাঁর।
১৯৮৬ সালে আশীষ দে ষষ্ঠ শ্রেণিতে পড়তেন। তখন বাবা কালীপদ তাকে প্যারা বানাতে শেখান। এর কিছুদিন পর বাবা মারা যান। বাবার মৃত্যুর কারণে পড়ালেখা আর প্যারার দোকান একসঙ্গে সামলেছেন আশীষ। ১৯৯০ সালে এসএসসি পাস করে পুরোদমে লেগে যান বাবার মিষ্টান্নের ব্যবসায়।
আশীষের প্যারার দোকানে দিনে ১২ থেকে ১৫ কেজি প্যারা বিক্রি হয়। কোথাও নিজে তিনি প্যারা সরবরাহ করেন না। সবাই এসে নিয়ে যান। কথার ফাঁকে বলেন, গত রোববার একজন আমিরাতপ্রবাসী একসঙ্গে ছয় কেজি প্যারা কিনে সে দেশে নিয়ে গেছেন। মধ্যপ্রাচ্য আর ইউরোপের সব দেশেই যাচ্ছে তাঁর তৈরি প্যারা।
দুধ আর চিনি ছাড়া প্যারা তৈরিতে অন্য কোনো উপাদান ব্যবহার করেন না আশীষ। ১২ কেজি দুধে ৪ কেজি ২৫০ গ্রাম প্যারা হয়। চিনি লাগে আড়াই কেজি। ৫০০ টাকা কেজিতে বিক্রি করেন। মাখন কেজি ১ হাজার ৮০০ আর ঘি প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা। আড়াই ঘণ্টা গামলার মধ্যে হাতে চাকা ঘুরিয়ে ১২ কেজি দুধ থেকে ১ কেজি মাখন তৈরি হয়। প্রতিদিন অন্তত দুই হাজার টাকার মাখন বিক্রি হয়। তাঁর ঘি বানানোর আগেই অর্ডার হয়। হিসাব করলে মাসে ১০ কেজির বেশি ঘি বিক্রি হয়।
চট্টগ্রাম নগরের দামপাড়া থেকে প্যারা কিনতে এসেছিলেন কুয়েতপ্রবাসী ইকবাল চৌধুরী। তিনি বলেন, তাঁর পরিবার এবং কুয়েতের অনেক বন্ধুবান্ধব এই প্যারার ভক্ত। তিনি ২০ বছর ধরে এখান থেকে বিদেশে প্যারা নিয়ে যান। তিনি বলেন, ১ হাজার টাকা গাড়ি ভাড়া খরচ করে ৫০০ টাকার প্যারা কিনতেও চলে আসি। কারণ, এর গুণমান ভালো।