পয়লা বৈশাখে আতঙ্কের পরিবেশ দেখছি না, পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করেছি: আইজিপি
পয়লা বৈশাখের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী বৈশাখে তেমন কোনো আতঙ্কের পরিবেশ দেখছি না। এরপরও আমরা আমাদের পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করেছি। যেমন নিরপত্তা নেওয়া দরকার, সেটি আমরা নিয়েছি।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রংপুর পুলিশ লাইনস মাঠে মাল্টিপারপাস শেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পয়লা বৈশাখে মানুষ উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানাদি, মঙ্গল শোভাযাত্রা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন আইজিপি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘নির্বাচনে পুলিশ দীর্ঘদিন ধরে পালন করে আসছে। এই ধরনের দায়িত্ব পালনে আমাদের সব ধরনের লজিস্টিক আছে, জনবল আছে এবং আমাদের অভিজ্ঞতা আছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা প্রস্তুত। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীন আমরা দায়িত্ব পালন করব। যে ধরনের দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত।’
বঙ্গবাজারে আগুনে জঙ্গি তৎপরতা আছে কি না, সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এখন পর্যন্ত তেমন কোনো সুনির্দষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এ সময় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের নীতির প্রশংসা করে আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করেছেন। সেই নীতির আলোকে পুলিশ দায়িত্ব পালন করছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ ছাড়া জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জঙ্গিরা যখনই মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তখনই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল আলীম মাহমুদ, রংপুর মহানগর পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।
এর আগে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ অফিসার্স মেস, পুলিশ ট্রেনিং সেন্টারের অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন শেষে রংপুর পুলিশ লাইনসে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর তিনি পুলিশ লাইনস স্কুল অডিটরিয়ামে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।