প্রবাসীর ঠিকানা জানতে চেয়ে অস্ত্র বের করে মুখোশধারী, ভয়ে দৌড় দিতেই গুলি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া এলাকার এই সড়কে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে সুজন পাল নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার সকালেছবি: প্রথম আলো

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে সুজন পাল (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মিশন থেকে প্রায় ১০০ মিটার পূর্বে একটি পুকুরঘাট–সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সুজন পাল পাশের খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি ‘মনোরমা মিষ্টান্ন ভান্ডার’ নামের মোহনগঞ্জের একটি দোকানের কর্মচারী। স্ত্রীকে নিয়ে মোহনগঞ্জের মাইলোড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাসার পাশে সড়কের কাছে পুকুরে হাত–পা ধুতে গিয়েছিলেন তাঁর স্বামী। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তিনি স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
টুম্পা পাল, গুলিবিদ্ধ সুজন পালের স্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ঘুম থেকে উঠে হাত–মুখ ধোয়ার জন্য বাড়ির কাছে পুকুরঘাটে যান সুজন পাল। হাত–মুখ ধুয়ে পাকা সড়কে উঠতেই মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চায়। একপর্যায়ে একজন আগ্নেয়াস্ত্র বের করলে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন সুজন। তখন পেছন থেকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মোটরসাইকেলে দেওথান কালীমন্দিরের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার প্রথম আলোকে বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। সকালে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর পিঠে গুলি লেগেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
হাফিজুল ইসলাম, ওসি, মোহনগঞ্জ থানা

গুলিবিদ্ধ সুজনের স্ত্রী টুম্পা পাল প্রথম আলোকে বলেন, বাসার পাশে সড়কের কাছে পুকুরে হাত–পা ধুতে গিয়েছিলেন তাঁর স্বামী। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তিনি স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, তাঁর স্বামী জানিয়েছেন, হাত–পা ধুয়ে সড়কে ওঠার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী তাঁর কাছে এক প্রবাসীর বাড়ির ঠিকানা জানতে চায়। তখন একজন অস্ত্র বের করলে ভয়ে তাঁর স্বামী দৌড় দেন। তখন পেছন থেকে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মোহনগঞ্জে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। রোববার সকালে উপজেলার মাইলোড়া এলাকায়
ছবি: প্রথম আলো

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকাবাসী জানিয়েছেন, দুর্বৃত্তদের মুখ ঢাকা ছিল। আহত ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর পিঠে গুলি লেগেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলী ফকির নিহত হন। কয়েক দিনের ব্যবধানে জেলায় আবার গোলাগুলির ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি বলেন, তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত আছে।