মুদিদোকানেও গ্যাস সিলিন্ডার বিক্রি

গ্যাস সিলিন্ডার বা জ্বালানি তেল রাখা এবং বিক্রির বিষয়ে সরকারি নির্দেশনার বিষয় জানেন না বেশির ভাগ বিক্রেতা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের প্রায় সব জায়গায় অনেক মুদিদোকানে বিক্রি করা হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। কোনো কোনো দোকানে অন্য পণে্যর সঙ্গে বিক্রি করা হয় জ্বালানি তেলও। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামে
ছবি: প্রথম আলো

দোকান চাল, ইলেকট্রনিক পণ্য, মুঠোফোন, হার্ডওয়্যার, মুদি পণ্যের; কিন্তু এসব পণ্যের দোকানে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। কোনো দোকানে গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বোতলে ভরে বিক্রি করা হচ্ছে পেট্রল, অকটেন ও ডিজেলের মতো জ্বালানি।

এমন চিত্র গাজীপুর জেলার সবখানে। অধিকাংশ বিক্রেতার নেই কোনো বিস্ফোরক লাইসেন্স। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি নেই।

নিয়ম অনুযায়ী এলপি গ্যাস ব্যবহার, বিপণন ও বাজারজাত করতে হলে ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার বাধ্যতামূলক সংরক্ষণ করতে হবে। তবে এসব নিয়মনীতিকে তোয়াক্কা করছেন না বেশির ভাগ ব্যবসায়ী। এই অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কাউকে অভিযান চালাতে দেখা যায়নি।

এগুলো বিক্রির জন্য কোনো লাইসেন্স লাগে না। সবাই বিক্রি করছে, আমি করলে সমস্যা কী আছে।
মনির হোসেন, মুদিদোকানি, কোনাবাড়ী 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকার গ্যাস বিক্রেতা মনির হোসেন বলেন, ‘এগুলো বিক্রির জন্য কোনো লাইসেন্স লাগে না। সবাই বিক্রি করছে, আমি করলে সমস্যা কী আছে।’ একই ধরনের বক্তব্য ক্রেতাদেরও। কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচলা এলাকার কারখানা শ্রমিক সাহেব আলী বলেন, ‘চাকরি করি। পর্যাপ্ত সময় পাই না, তাই ঘরের পাশেই মুদিদোকান থেকে চাল-ডাল কিনি, আবার বাসার গ্যাস শেষ হয়ে গেলে তার কাছ থেকেই সিলিন্ডারও ক্রয় করি। এতে আমাদের বেশ সুবিধা হয়।’

ঝুঁকি নিয়ে কতসংখ্যক ব্যবসায়ী সিলিন্ডার বা জ্বালানি তেল বিক্রি করেন, এর কোনো সঠিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তবে দোকানিদের দাবি, গাজীপুর জেলায় এমন ব্যবসায়ীর সংখ্যা কম করে হলেও এক হাজার। অন্য পণ্যের দোকানে গ্যাস সিলিন্ডার বা জ্বালানি তেল রাখা ও বিক্রির বিষয়ে সরকারি নির্দেশনার বিষয়টি জানেন না বেশির ভাগ বিক্রেতা।

‘গ্যাস সিলিন্ডার বিধিমালা ১৯৯১’-এ বলা হয়েছে, গ্যাস সিলিন্ডার বিক্রয়ের জন্য কমপক্ষে পাকা মেঝেসহ আধা পাকা ঘর থাকতে হবে। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ সক্ষমতাসংক্রান্ত লাইসেন্স, ছাড়পত্রসহ অগ্নিনির্বাপণ যন্ত্র, মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। কোনো দোকানে ১০টির বেশি সিলিন্ডার রাখা যাবে না।

বিধিমালার সপ্তম পরিচ্ছদে সিলিন্ডারে গ্যাস ভর্তি ও গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুত রাখার বিষয়ে বলা আছে, লাইসেন্স ব্যতীত সিলিন্ডারে গ্যাস ভর্তি ও সংরক্ষণ নিষিদ্ধ। বিধি-৪১ অনুযায়ী কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সিলিন্ডারে গ্যাস ভর্তি করতে পারবেন না, অথবা গ্যাসপূর্ণ কোনো সিলিন্ডার তার অধিকারে (মজুত) রাখতে পারবেন না।

বিস্ফোরক অধিদপ্তরের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহকারী পরিদর্শক সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, দোকানে এভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অনুমতি না থাকলেও দোকানিরা বিক্রি করে যাচ্ছেন, যা আইন বা বিধিসম্মত নয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসকের।

সরেজমিনে দেখা যায়, আধা লিটার, এক লিটার অথবা দুই লিটার প্লাস্টিকের বোতলে পেট্রল, অকটেন, ডিজেল ভরে দোকানিরা দোকানের সামনে টেবিলের ওপর সাজিয়ে রেখে বিক্রয় করা হচ্ছে। যে কেউ ইচ্ছা করলেই বোতলভর্তি পেট্রল, অকটেন, ডিজেল কিনতে পারেন। গাজীপুর শহর থেকে হাফ কিলোমিটার দক্ষিণে সামন্তপুর এলাকায় রাস্তার পাশে একটি টিনশেড দোকানে পেট্রলপাম্পের মতো মেশিন বসিয়ে তেল বিক্রি করা হচ্ছে। এ ছাড়া হায়দরাবাদ এলাকায় মুদিদোকানের সামনে টেবিল ফেলে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে পেট্রল, অকটেন ও কেরোসিন তেল। একই দোকানে আবার বিক্রি হচ্ছে এলপিজি ও গ্যাস সিলিন্ডার। এসব দোকানে ফিলিং স্টেশন থেকে কয়েক টাকা বেশি রাখা হচ্ছে।

ওই এলাকার তেল বিক্রেতা কবির হোসেন বলেন, ‘মহাসড়কে যানজট থাকায় ভেতরের রোড দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে, বিশেষ করে মোটরসাইকেল। তাদের তেলের প্রয়োজন হলে অনেক দূর গিয়ে পাম্পে যেতে হয়। তাই তারা দূরে না গিয়ে আমাদের দোকান থেকে কয়েক টাকা বেশি হলেও তেল ক্রয় করছে।’