এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন
পর্যটন মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন আজ শুক্রবার। এদিন কক্সবাজার থেকে চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপটিতে গেছেন। চলতি ৫ নভেম্বর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর পর এক দিনে এত পর্যটক আর যাননি। এর আগে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ পর্যটক সেন্ট মার্টিনে যেতেন।
জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চারটি জাহাজের ধারণক্ষমতা তিন হাজারের বেশি। তবে আজ এসব জাহাজে গেছেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। তাঁদের অর্ধেকের বেশি দ্বীপে রাত যাপন করবেন। বাকিরা ঘুরে একই জাহাজে কক্সবাজারে ফিরে আসবেন।
সেন্ট মার্টিনে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে যেতে হয়। আজ সকালে দেখা যায়, সেন্ট মার্টিন যেতে পর্যটকেরা ঘাটটিতে ভিড় করেছেন। এ সময় ঘাটে রাখা ছিল এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজ।
ঘাটে গিয়ে কথা হয় ঢাকার বাসাবোর ব্যবসায়ী আজমত উল্লাহর সঙ্গে। তিনি স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে জাহাজে উঠেছিলেন। জানতে চাইলে তিনি বলেন, জীবনে প্রথমবার সেন্ট মার্টিন যাচ্ছেন। কয়েক ঘণ্টা ঘুরেফিরে আবার কক্সবাজারে ফিরে আসবেন। এত দিন ছবিতে সেন্ট মার্টিন দেখেছেন, আজ সরাসরি দেখার সুযোগ হচ্ছে।
জাহাজমালিকদের সংগঠন স্কোয়াব জানায়, সকাল সাতটার দিকে টিকিট যাচাই শেষে পর্যটকদের জাহাজে তোলা হয়। এরপর জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বেলা একটা থেকে দেড়টার মধ্যে জাহাজগুলো দ্বীপে পৌঁছায়। চারটি জাহাজের মধ্যে ৬০০ জন ধারণক্ষমতার এমভি মালঞ্চে সেন্ট মার্টিন গেছেন ২৪২ জন। এ ছাড়া এমভি বার আউলিয়ায় ৫৯৩ জন, এমভি কর্ণফুলী এক্সপ্রেসে ৫০৩ জন এবং এমভি টেকনাফে ৪১৯ জন পর্যটক গেছেন। জাহাজগুলোর ধারণক্ষমতা যথাক্রমে ৮৫০, ৭৩২ ও ৭৩২ জন।
জানতে চাইলে এমভি মালঞ্চের ব্যবস্থাপক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগর এখন শান্ত রয়েছে। জাহাজটি সেন্ট মার্টিন যেতে কোনো সমস্যা হয়নি।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুর রহমান বলেন, বেলা দেড়টার দিকে চারটি জাহাজ দ্বীপের জেটিঘাটে ভেড়ে। পর্যটকেরা জাহাজ থেকে নেমে দ্বীপের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। তাঁদের কেউ কেউ বিকেল সাড়ে চারটার দিকে জাহাজে উঠে কক্সবাজারে ফিরে যান। বর্তমানে দ্বীপে দেড় হাজারের মতো পর্যটক অবস্থান করছেন। পর্যটকদের রাতযাপনের জন্য দ্বীপে ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের ধারণক্ষমতা ছয় হাজার।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, চলতি ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এ সময়ে দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের দ্বীপ ভ্রমণ ও রাতযাপনের সুযোগ রয়েছে। পর্যটকদের জাহাজে ওঠানামা এবং দ্বীপ ভ্রমণের সময় কঠোর নজরদারি করা হচ্ছে। দ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সরকার ১২ দফা বিধিনিষেধ আরোপ করেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যটকদের গতিবিধি নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে। ছেঁড়াদিয়ায় যাতে কোনো পর্যটক প্রবেশ করতে না পারেন, সে জন্য আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৯৯৯ সালে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এ এলাকায় পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম নিষিদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।
আইন অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল-পাথর তোলা, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।