ভাঙ্গায় নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে নৌকার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মান্দার বেপারি আজ সোমবার সকালে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জায়েম বেপারি বলেন, গতকাল সন্ধ্যার দিকে কালামৃধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেনের নেতৃত্বে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থকেরা তাঁদের ক্যাম্পে হামলা চালায়। এ সময় চেয়ার ও ছবির ফ্রেম ভাঙচুর করা হয়। এ সময় তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি দেয়।

অভিযোগ ব্যাপারে জানতে চাইলে কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর সমর্থক ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, কালামৃধা ইউনিয়নে কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। এটা একটা মিথ্যাচার। তাঁরা (আওয়ামী লীগের লোকজন) বুঝে গেছে, তাঁদের ভোট নেই, এর জন্য এসব কথা রটিয়ে বেড়াচ্ছেন।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) প্রদ্যোৎ সরকার বলেন, কালামৃধা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা শুনে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে সকালে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।