ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ করে ৫টি উড়োজাহাজ
বিভিন্ন দেশ থেকে আসা পাঁচটি উড়োজাহাজ ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করে। পরে কুয়াশা কেটে যাওয়ার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় পাঁচটি উড়োজাহাজ। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ ভোরে সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার, ওমান ও মালয়েশিয়া থেকে আসা পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। তবে ফ্লাইটগুলো ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটগুলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে তিনটি ইউএস–বাংলার এবং দুটি বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল। এর মধ্যে তিনটি বোয়িং-৭৩৭, একটি বোয়িং-৭৭৭ এবং অন্যটি বোয়িং-৭৮৭ ছিল। পাঁচটি উড়োজাহাজই বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ প্রথম আলোকে বলেন, বিভিন্ন দেশ থেকে যাত্রী নিয়ে আসা পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ‘ডাইভার্টেড ফ্লাইট’ সিলেটে অবতরণ করেছিল। পরে বেলা ১১টার মধ্যে সব কটি ফ্লাইট সিলেট ছেড়ে গেছে। সিলেটে অবস্থানকালে যাত্রীদের নামতে দেওয়া হয়নি। সেটির নিয়মও নেই। এ জন্য ওই ফ্লাইটগুলোয় যাত্রীর সংখ্যাও বলা যাচ্ছে না।