ট্রাক উল্টে মহাসড়কে ছড়িয়ে পড়ে শতাধিক গ্যাস সিলিন্ডার, দীর্ঘ যানজট

দুর্ঘটনা কবলিত ট্রাক। আজ বেলা দেড়টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকায়ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ে কনটেইনারবাহী লরির ধাক্কায় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এ সময় ট্রাকটির চালক আহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা শতাধিক গ্যাস সিলিন্ডার মহাসড়কের ওই অংশে ছড়িয়ে-ছিটিয়ে পড়লে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আহত চালকের নাম মো. সাগর। তিনি মাথায় আঘাত পেয়েছেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৫৮১টি এলপিজি সিলিন্ডার নিয়ে তিনি চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় যাচ্ছিলেন। বেলা একটার দিকে মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে একটি কনটেইনারবাহী লরি পাশ থেকে তাঁর ট্রাককে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে ট্রাকটি উল্টে থাকা এবং সিলিন্ডার ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে সিলিন্ডার সরিয়ে নিলেও এর আগেই চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়নি। সেটি মহাসড়কের ওপরই পড়ে রয়েছে। এর পাশে কিছু গ্যাস সিলিন্ডার জড়ো করে রাখা হয়েছে। মহাসড়কের এই অংশে ধীরগতিতে গাড়ি চলাচলের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানজটে আটকে থাকা একটি যাত্রীবাহী বাসের চালক মো. আমিনুল হক বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে উত্তর দিকে অন্তত দেড় কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।’

জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘কনটেইনারবাহী লরির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সড়কে সিলিন্ডার ছড়িয়ে পড়ায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কের একপাশে সিলিন্ডার সরিয়ে যান চলাচল সচল করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর চেষ্টা চলছে।’