সরকার ও বিরোধী দল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রংপুর নগরের জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। আজ বৃহস্পতিবার সকালেছবি: প্রথম আলো

বিরোধী দলের সমালোচনাকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর নগরের পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল এ দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে, বিরোধী দলও এতে সর্বাত্মক সহযোগিতা করছে। তারাও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সার্বিক সহযোগিতা করছে। সরকারি দল ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে শক্তিশালী পাশাপাশি জুলাই সনদকে অক্ষরে-অক্ষরের বাস্তবায়ন করতে চায়।

বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে আহমেদ আজম খান বলেন, ‘বিরোধী দল মাঝেমধ্যে যে মিঠা বক্তৃতা করে, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’

মন্ত্রী বলেন, ‘জুলাই শহীদ দিবসকে আমরা আমাদের চেতনায় ধারণ করে, চেতনায় লালন করে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব।’

রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। সকালে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

জুলাই স্মৃতি স্তম্ভে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম প্রমুখ।

এরপর শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।