হবিগঞ্জ থেকে রংপুরে ৪২ বরযাত্রী, স্বর্ণালংকার নিয়ে বিয়ের সাজে উধাও কনে
বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুরে এসেছিলেন ফয়ছল আহমেদ। উদ্দেশ্য ছিল বিয়ে করা। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন, কনের সাজসজ্জা, স্বর্ণালংকার—সবই ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে। সঙ্গে থাকা কথিত স্বজনেরাও সটকে পড়েন। শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরতে হচ্ছে বরপক্ষকে।
গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তাঁর স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।
এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। পুলিশ ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।
মামলার এজাহার ও বরপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছল আহমেদ ব্রুনেইপ্রবাসী। বিয়ে করার উদ্দেশে পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের পর তাঁর আবার বিদেশে যাওয়ার কথা ছিল।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। স্বামী ও শ্বশুরের সঙ্গে সেখানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। একই ফ্ল্যাটে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া ও তাঁর স্বামী সুভাষ আহমেদ। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী এবং গ্রামের বাড়ি কুড়িগ্রামে বলে পরিচয় দিয়েছিলেন। প্রায় দুই বছর ওই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তাঁরা ঢাকায় চলে যান। তবে সুমির সঙ্গে তামান্নার মুঠোফোনে যোগাযোগ ছিল।
তামান্না জানান, বড় ভাই ফয়ছলের বিয়ের কথা সুমিকে জানালে তিনি তাঁর কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। মুঠোফোনের ভিডিও কলে শ্যামলা একাধিকবার ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। শ্যামলাকে পছন্দ হওয়ার পর বুধবার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কনেপক্ষ রংপুর নগরের কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করে। সে অনুযায়ী বাসে করে বরসহ ৪২ জন নারী-পুরুষ বুধবার সকালে হবিগঞ্জ থেকে রংপুরে আসেন।
তামান্নার অভিযোগ, বিয়ের আগে বরের পক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। এর মান যাচাই করতে কনের বোন হিসেবে পরিচয় দেওয়া তিন নারী আগ্রহ দেখান। এরপর বর, তাঁর দুই বোন, ভগ্নিপতি, বাবা এবং কনের বোনের পরিচয় দেওয়া তিন নারী ও কনেকে নিয়ে নগরের একটি জুয়েলারি দোকানে যাওয়া হয়। সেখানে স্বর্ণালংকারের মান যাচাই করা হয়। মান ঠিক পেয়ে পরে কনেকে সাজানোর জন্য নগরের একটি বিউটি পারলারে নেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, বিউটি পারলারে বর ফয়ছল দুই বোনকে রেখে তাঁর বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে অন্যত্র যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে সাজানো হয়। পরে তাঁকে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেওয়া একজন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেওয়া আরও দুজন। এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি।
অন্য অটোরিকশাটি রংপুর নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামানো হয়। বুধবার বিকেল পাঁচটার দিকে সেখানে তাঁরা অটোরিকশা থেকে নামেন। এরপর অটোরিকশাটি ছেড়ে দেওয়া হয়। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন হিসেবে পরিচয় দেওয়া দুই নারী কৌশলে সেখান থেকে চলে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর বরকে বিষয়টি ফোন করে জানান তাঁর দুই বোন।
তামান্নার অভিযোগ, বরের দেওয়া চার ভরি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি। এ ছাড়া নগদ সাত হাজার টাকা, শাড়িসহ বিয়ের নতুন কাপড় নিয়ে উধাও হয়েছেন কনে ও তাঁর লোকজন। তামান্না বলেন, তাঁরা আগে কখনো রংপুরে আসেননি। এ কারণে এখানকার পথঘাটও তাঁদের অজানা ছিল। দীর্ঘদিনের সুসম্পর্কের সূত্র ধরে সুমিকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে প্রতারণা করা হবে, তা ভাবতেও পারেননি।
বর ফয়ছল আহমেদ আজ শুক্রবার রাতে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।’
বিয়ের আয়োজন করা হয়েছিল কামাল কাছনার ওই কমিউনিটি সেন্টারে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলামের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁর ভাষ্য, তাঁদের কমিউনিটি সেন্টার ভাড়া নিতে এক সপ্তাহ আগে বুকিং দিতে হয় এবং ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তু বুধবার সকালে বাসভর্তি লোকজন কিছুটা দূরে রেখে কনেপক্ষের পরিচয় দেওয়া তিনজন তাঁদের কাছে আসেন। তাঁরা জানান, মেয়ের বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন আসার কথা ছিল। কিন্তু ৪২-৪৩ জন চলে এসেছেন। এ কারণে তাঁরা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চান।
রাকিবুল ইসলাম বলেন, মানবিক দিক বিবেচনায় তাঁদের কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হয়। ভাড়া নির্ধারণ করা হয় ৪২ হাজার টাকা। দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা ঠিক হয়। টাকা চাইলে কনেপক্ষের লোকজন ব্যাংকে গিয়ে টাকা তোলার কথা বলেন। পরে ধাপে ধাপে প্রতারণার বিষয়টি তাঁদের নজরে আসে। এসব আয়োজনের টাকাও পরিশোধ করেনি কনেপক্ষ। খাওয়াদাওয়ার পর্বও হয়নি। কনেপক্ষের কাউকে পেলে এ আয়োজনের টাকা আদায় করা হবে।