বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে পোশাক কারখানায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে শ্রমিমদের বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা আউখাবো এলাকায় ছবি: সংগৃহীত
ছবি: প্রথম আলো

দুই মাসের বকেয়া বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার (ওভারটাইম) মজুরি পরিশোধসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে। দাবি আদায়ের জন্য শ্রমিকেরা কারখানার ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রেখেছেন।

আজ মঙ্গলবার সকাল আটটা থেকে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বিকেল পৌনে পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রবিনটেক্স মূলত একটি কম্পোজিট নিটওয়্যার কারখানা।

কারখানাটিতে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত এপ্রিল ও মে মাসের বেতন এবং অতিরিক্ত কর্মঘণ্টার মজুরি পরিশোধ করেনি। তা ছাড়া সম্প্রতি পুরোপুরি পাওনা পরিশোধ না করেই তিন শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়। এ নিয়ে আগে থেকেই শ্রমিকেরা ক্ষুব্ধ ছিলেন। এর মধ্যে চলতি সপ্তাহে কারখানার ভেতরে থাকা একটি বেসরকারি ব্যাংকে করা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টের বাৎসরিক ফি কেটে রাখা হলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

আজ সকালে কারখানার প্রায় ছয় হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন কারখানায় এলে তাঁর কক্ষে তাঁকে অবরুদ্ধ করেন শ্রমিকেরা।

আহমেদ মিয়া নামের কারখানার একজন শ্রমিক প্রথম আলোকে বলেন, ‘ঠিকঠাক বেতন পাচ্ছি না। এর মধ্যে ওভারটাইমও বন্ধ। যে ব্যাংকের মাধ্যমে আমাদের বেতন দেওয়া হয়, কয়েক দিন ধরে সেই ব্যাংক শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে বাৎসরিক অ্যাকাউন্ট ফি কেটে নিচ্ছে। আমরা দ্রুত বেতন–ভাতা পরিশোধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছি। শুনেছি ঈদ বোনাস দেওয়া হবে না। ঈদ বোনাসেরও দাবি জানিয়েছি। মালিকপক্ষ আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা আজই বকেয়া পরিশোধের দাবিতে অনড় আছি।’

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আদনানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে মানবসম্পদ বিভাগে যোগাযোগ করতে বলেন তিনি। পরে কারখানার মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক রবিউল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।