‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির ৩০ নেতাকে বহিষ্কার

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিপক্ষে এবং দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ৩০ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বহিষ্কারের চিঠিতে প্রথমে ২৯ জনের তালিকা প্রকাশ করা হয়। পরে সংশোধনী দিয়ে ৩০ জন বহিষ্কার করার তথ্য জানানো হয়। ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান, আ ন ম সাদেকুর রহমান; উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল আলম, মো. সুজারুল ইসলাম, এখলাস উদ্দিন ও হাবিবুর রহমান; হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মোল্লা মো. আলী সাবরী, আবুল কাশেম; পৌর বিএনপির সদস্য মো. মতিউর রহমান, মো. শরিফুল আলম, মো. হাবিবুর রহমান; ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম, মো. মঞ্জুরুল হক, মো. মেজবাহ উদ্দিন ও মো. আবদুস শহিদ মিয়া; ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. ওয়াজেদ আলী, মো. আজিজুল হক, মো. আবদুর রশিদ, মো. কবিরুল ইসলাম, খন্দকার আক্কাছ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. আবদুল হামিদ, মো. শামীম মিয়া, মো. মাসুদ সরকার, মো. মোশারফ হোসেন, মো. মারফত আলী ও মো. কামাল সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ। তাঁর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) সালমান ওমর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে সালমান ওমরের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ১৬ জানুয়ারি বিএনপির প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে ‘বিদ্রোহী’ প্রার্থীর এক কর্মী খুন হন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেসব নেতা-কর্মী কাজ করছিলেন, তাঁদের তালিকা করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে তাঁদের বহিষ্কার করা হয়েছে।