মুখের ক্যানসার সচেতনতার পাঠ নিলেন গ্রামবাসী, করালেন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তি ক্যানসার ফাউন্ডেশন আয়োজিত মুখের ক্যানসার সম্পর্কে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে ক্যানসার পরীক্ষা কার্যক্রমে সেবা নিয়েছেন অন্তত ৬০০ নারী–পুরুষ। শুক্রবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্ৰামে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে মেঘু পরিবার মাঠে মুখের ক্যানসার সম্পর্কে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে ক্যানসার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শান্তি ক্যানসার ফাউন্ডেশনের আয়োজনে এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আজ শুক্রবার এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শান্তি ক্যানসার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন। উপস্থিত ছিলেন শান্তি ক্যানসার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পারভীন শাহিদা আখতারসহ চিকিৎসকেরা। মুখের ক্যানসার সচেতনতা ছাড়াও এই আয়োজনে ছিল বৈশাখী সাংস্কৃতিক পরিবেশনা। প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত মাজতে হবে। না হলে দাঁতের বিভিন্ন অংশে ব্যাকটেরিয়া জন্ম নেয়। সবাইকে স্বাস্থ্যসম্মত উপায়ে দাঁত মাজা ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।

শান্তি ক্যানসার ফাউন্ডেশন সূত্র জানায়, শুক্রবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত টানা এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রান্তিক মানুষকে সেবা ও মুখের ক্যানসারের প্রাথমিক পরীক্ষার জন্য চারটি বুথে মোট আটজন চিকিৎসক নিয়োজিত ছিলেন। পুরো কার্যক্রমে গ্রামের অন্তত ৬০০ নারী-পুরুষ উপস্থিত হন।

মুখের পরীক্ষা করাতে আসা পাচুয়া গ্রামের ফারুক হোসেন বলেন, পরীক্ষায় রোগ ধরা পড়েনি। তবে পান ও জর্দা খেতে নিষেধ করেছেন চিকিৎসক। ডুমদিয়া গ্রামের রোজিনা আক্তার বলেন, তাঁর মুখে কিছুটা সমস্যা আছে,  চিকিৎসক কিছু পরামর্শ দিয়েছেন। বেঙ্গুরদি গ্রামের খোরশেদা খাতুনের আগেই মুখের ক্যানসারে আক্রান্ত। অস্ত্রোপচার হয়েছে। তিনি জানান, চিকিৎসক তাঁর বর্তমান পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করে নতুন পরামর্শ দিয়েছেন।

শান্তি ক্যানসার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আহ্‌ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট পারভীন শাহিদা আখতার জানান, মুখের ক্যানসারে আক্রান্তের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। মুখের ক্যানসার মৃত্যু বিবেচনায় বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। সচেতনতা কার্যক্রমে উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দেশে মুখের ক্যানসার খুব জটিল পর্যায়ে এসে ধরা পড়ে। মানুষের মধ্যে মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাবের কারণে এমনটা ঘটে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

মুখের ক্যানসার রোধে পারভীন শাহিদার পরামর্শ, বছরে অন্তত একবার দন্তচিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা করাতে হবে। পান, জর্দা, সাদা পাতা, গোল খাওয়ার অভ্যাসও ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার কারণ। সাধারণ লোকজন স্বাস্থ্যসম্মত উপায়ে দাঁত ব্রাশ করা ও মুখের স্বাস্থ্য ভালো রাখার পদ্ধতি জানেন না। মুখের স্বাস্থ্য ঠিক না থাকলে ক্যানসার হওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

কাপাসিয়ার নিভৃত পল্লিতে শান্তি ক্যানসার ফাউন্ডেশনের স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা বিষয়ে পারভীন শাহিদা বলেন, তিন থেকে চার মাসের মধ্যেই শান্তি ক্যানসার ফাউন্ডেশনের জন্য প্রস্তাবিত জায়গায় ভবন তৈরি শুরু হবে। প্রতিদিন যেন সেবা দেওয়া যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। শান্তি ক্যানসার ফাউন্ডেশনের উদ্দেশ্য ক্যানসার প্রতিরোধ করা এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা। প্রান্তিক পর্যায়ের মানুষকে ক্যানসার রোগ বিষয়ে সেবা দিতেই শান্তি ক্যানসার ফাউন্ডেশন মানুষের দোরগোড়ায় প্রতিষ্ঠা করা হয়েছে।