সালথায় মামলার আসামি চেয়ারম্যানকে নিয়ে ছাগল বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের (নীল শার্ট পরা) পাশে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর (বামে সাদা পায়জামা–পাঞ্জাবি পরা)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সালথা উপজেলা পরিষদের চত্বরে
ছবি: প্রথম আলো

ফরিদপুরে একাধিক মামলার আসামি সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওদুদ মাতুব্বরকে সঙ্গে নিয়ে ছাগল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের চত্বরে এ অনুষ্ঠান হয়।

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ‘ছাগল ও বৈধ জাল বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

উপজেলা চেয়ারম্যান গতকাল রোববার দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। আজ রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে মামলার কোনো তথ্য নেই। ওই অনুষ্ঠানে ওসি সাহেবের প্রতিনিধি হিসেবে দুই–তিনজন এএসআই ছিলেন। উপজেলা চেয়ারম্যানকে যদি পুলিশ খুঁজে না পায় তাহলে আর কাকে খুঁজে পাবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার ও উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন।

গত শনিবার দিবাগত গভীর রাতে সালথা থানায় হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে ওয়াদুদ মাতুব্বরকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। এরপর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক প্রথম আলোকে বলেছিলেন, এ মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাঁরা পলাতক আছেন। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একটি মামলার বাদী সালথার গট্টি ইউনিয়নের দোহারগট্টি গ্রামের মো. জাহাঙ্গীর। এ মামলার ১ নম্বর আসামি উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। অপর মামলার বাদী গট্টি ইউনিয়নের কসবা গ্রামের লিয়ন মোল্লা। এ মামলায় ১৬ নম্বর আসামি করা হয়েছে উপজেলা চেয়ারম্যানকে।

সালথা থানার ওসি শেখ সাদিক বলেন, ‘পুলিশের ক্রাইম কনফারেন্সে যোগ দিতে আজ ভোরে ফরিদপুরে আসি। তাছাড়া ছাগল বিতরণের অনুষ্ঠান সম্পর্কে আমাকে কিছু জানানো হয়নি। আমি সালথায় থাকলে ওয়াদুদ মাতুব্বরকে ধরে ফেলতাম।’

বিষয়টি তাঁর জানা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ জাতীয় ঘটনা ঘটে থাকলে তা জনগণের কাছে ভুল বার্তা দেবে।’

ইউএনও মো. আক্তার হোসেন বলেন, ‘ওনার (ওয়াদুদ মাতুব্বর) নামে মামলার বিষয়টি আমরা জানতাম না। অনুষ্ঠান শেষ হওয়ার পর বিষয়টি জানতে পারি। অনেকে ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা আগে থেকে জানলে ঘটনাটি ঘটত না। জানার পর আমরা সতর্ক হয়েছি।’

এ বিষয়ে আজ রাতে উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর প্রথম আলোকে বলেছিলেন, ‘ওই অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে কিছুক্ষণ ছিলাম। আমার উপস্থিতি নিয়ে কথা ওঠায় অল্প সময় থেকে চলে এসেছি।’

হত্যাচেষ্টাসহ দুটি মামলার আসামি, যিনি পলাতক আছেন বলে জানিয়েছেন ওসি—সরকারি একটি অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি মামলার বাদী মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে ১ নম্বর আসামি করে মামলা করেছি। এখন এটি পুলিশের ব্যাপার। তবে বিষয়টি জেনে খারাপ লাগছে। আমার লোকজনরে কোপানো হইছে, আমার তো এ দেখে ভালো লাগার কথা নয়।’

ফরিদপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মানিক মজুমদার বলেন, হত্যাচেষ্টার মামলায় কারও নাম থাকলে তিনি আদালত থেকে জামিন না নেওয়া পর্যন্ত সরকারি বা অন্য কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিষয়টি আইনিভাবে সঠিক হয় না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সালথা উপজেলার গট্টি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ সক্রিয় আছে। একটি পক্ষের নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। তিনি ইউনিয়নের কাঠিয়াগট্টি গ্রামের বাসিন্দা। অপর পক্ষের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আমীর মাতুব্বরের চাচাতো ভাই বালিয়াগট্টি গ্রামের জাহিদ মাতুব্বর।

২ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে জাহিদ মাতুব্বর ভাতিজা লাবলু মাতুব্বরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এর প্রতিবাদ গত বুধবার এপ্রিল বিকেলে বালিয়াগট্টি বাজারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে পৃথক দুটি হামলায় অন্তত ১৫ আহত হন। এ সময় অন্তত ১২টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এসব ঘটোয় ওয়াদুদ মাতুব্বরকে আসামি করে সালথা থানায় মামলা দুটি হয়।