ঝালকাঠিতে এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ

মাইনুল ইসলামছবি: সংগৃহীত

ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাইনুল ইসলাম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়কের কাছে অব্যাহতিপত্র পাঠিয়েছেন। গতকাল রোববার রাতে ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে মাইনুল ইসলাম বলেন, গত ২৩ মে তিনি এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা মিতুকে ঝালকাঠিতে বসে পদত্যাগের বিষয়টি জানান। এ ছাড়া বরিশাল বিভাগীয় আহ্বায়ককেও বিষয়টি জানানো হয়। তবে অব্যাহতিপত্র দেওয়ার এক সপ্তাহ পার হলেও কেন্দ্রীয় কমিটি তা গ্রহণ না করায় তিনি রোববার বিষয়টি প্রকাশ্যে আনেন।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও এখনো কোনো ঘোষণা আসেনি।

চলতি বছরের ৪ জানুয়ারি ঝালকাঠিতে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মাইনুল ইসলামকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্যসচিব করে ১৮ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।