ভান্ডারিয়ায় খালে ডুবে প্রাণ গেল মামা–ভাগনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার তেলিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো উপজেলার তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (৯) ও ইসমাইল হাওলাদারের নাতি হাসিবুল হাসান (১০)। দুই শিশু সম্পর্কে মামা–ভাগনে। হাসিবুল হাসান ঢাকার উত্তর বাড্ডা এলাকার ওসমাণ গণির ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিবুল হাসান মা–বাবার সঙ্গে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় থাকে। তাঁর বাবা ওসমাণ গণি সেখানকার একটি করাতকলের শ্রমিক। ১৪ দিন আগে হাসিবুল তাঁর মায়ের সঙ্গে তেলিখালী গ্রামে নানাবাড়ি বেড়াতে যায়। আজ বেলা একটার দিকে নূর মোহাম্মদ, হাসিবুল হাসান ও একই বাড়ির হাবিবা আক্তার (৫) বাড়ির কাছে একটি খালে গোসল করতে যায়। গোসল করার সময় নূর মোহাম্মদ ও হাসিবুল পানিতে ডুবে যায়।

এ সময় শিশু হাবিবার কান্না শুনে স্থানীয় আসাদুল হকসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। পরে ওই খালে তল্লাশি চালিয়ে নূর মোহাম্মদ ও হাসিবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

হাসিবুলের মা হামিদা বেগম বলেন, ‘১৪ দিন আগে দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম। দুই–এক দিনের মধ্যে ওদের বাবা আমাদের নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিল। আমার ছেলের আর ঢাকা যাওয়া হলো না।’

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রমিত হাসান বলেন, দুই শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।