হলমার্কের বন্ধ কারখানা থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে হলমার্ক গ্রুপের বন্ধ কারখানার ভেতর নিরাপত্তাকর্মীর লাশ পাওয়া গেছে। আজ রোববার ভোরে কারখানার ভেতরের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত নিরাপত্তাকর্মীর নাম মো. রয়েল সরকার (৪৫)। তিনি কুড়িগ্রামের কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।
সাভার মডেল থানা-পুলিশ জানায়, আজ রোববার ভোরের দিকে হলমার্কের বন্ধ কারখানার ভেতরের জঙ্গলে নিরাপত্তাকর্মী মো. রয়েল সরকারের লাশ পড়ে থাকতে দেখেন অন্য নিরাপত্তাকর্মীরা। তাঁরা সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। দীর্ঘদিন ধরে কারাখানাটি বন্ধ থাকায় ভেতরে জঙ্গলে ছেয়ে গেছে।
ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা প্রথম আলোকে বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে। মুখ গামছা দিয়ে প্যাঁচানো ছিল। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্ধ কারখানাটির ভেতর প্রায়ই টাকা দিয়ে তাস খেলা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাস খেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে রয়েল সরকার এই ঘটনার শিকার হয়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০১১ সালে হলমার্কসহ পাঁচটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে ঋণের নামে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয়, যা নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বাতিল করা হয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। আটক করা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তা ও হলমার্কের মালিককে। সেই ঘটনার বিচারকাজ এখনো চলছে।