রূপগঞ্জে ময়লার ভাগাড় অপসারণ, গাছ লাগালেন প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করে বালু ফেলে গাছের চারা রোপণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে সবুজায়নের বিকল্প নেই। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো ময়লার ভাগাড় সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে।
রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া সড়কের পাশে গড়ে ওঠা আবর্জনার স্তূপ আংশিক অপসারণ ও বালু ভরাট করে ফুল, ফলদ, ওষুধি ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাজি বাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘শুধু ময়লার স্তূপ অপসারণ করলেই হবে না, ভবিষ্যতে যাতে এসব স্থানে আবার বর্জ্য ফেলা না হয়, সেদিকেও নজর রাখতে হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, সড়কের পাশে ময়লার স্তূপ শুধু সৌন্দর্যহানি নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। আজকের এই উদ্যোগ এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার দায়িত্বও সবাইকে নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী অংশ নেন। আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা গাউছিয়ার ময়লা-আবর্জনার স্তূপ সম্পূর্ণ অপসারণ শেষে বালু ভরাট করে সেখানে গাছের চারা রোপণ করা হবে। পরে ময়লা-আবর্জনার স্তূপের আংশিক সরিয়ে বালু ভরাট করে সেখানে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।