বেঞ্চ টানাহেঁচড়ায় পেরেশান
আষাঢ়ের দুপুর। গাছের ফাঁকফোকর দিয়ে কখনো কড়া রোদ এসে পড়ে। আবার কখনো আকাশ মেঘে ঢেকে শুরু হয় বৃষ্টি। যেখানে গাছের ছায়া, সেখানেই বেঞ্চ সরিয়ে বসতে হয় শিক্ষার্থীদের। আর বৃষ্টি এলে বেঞ্চ নিয়ে ছুটতে হয় অন্য কোনো আশ্রয়ে। রোদ-বৃষ্টির এই খেলার সঙ্গে তাল মেলাতে গিয়ে পড়াতেই মন দিতে পারছে না শিক্ষার্থীরা।
এমন দুর্ভোগ ঠাকুরগাঁও সদর উপজেলার কিং ঢোলারডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বিদ্যালয়ের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে পরিত্যক্ত ঘোষণার পর টিনের ছাপরা তুলে চলছিলো পাঠদান। সেটাও ঝড়ে উড়ে গেছে। সেই থেকে শিক্ষার্থীদের ঠাঁই হয়েছে গাছতলায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৫ সালে স্থানীয় লোকজনের সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন চারজন। বিদ্যালয়ের একতলা পাকা ভবনে চারটি কক্ষ আছে। এর মধ্যে তিনটিতে পাঠদান করা হতো।
গতকাল রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের সামনে গাছতলায় বেঞ্চ পাতা। সেখানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষিকা সীমা রানী রায়। পাশেই চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ চলছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষক মো. হাবিব-ই-আজম। গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়লে হাবিব-ই-আজম শিক্ষার্থীদের ছায়ায় গিয়ে বসতে বলেন। শিক্ষার্থীরাও বেঞ্চ টেনে যেখানে ছায়া আছে, সেখানে নিয়ে গিয়ে বসে। মিনিট দশেক পর হঠাৎ আকাশ কালো হয়ে আসে। তখন শিক্ষক সীমা রানী রায় শিক্ষার্থীদের বলেন, ‘বৃষ্টি আসবে। তোমরা বই খাতা গুছিয়ে নাও।’ এর মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বেঞ্চ নিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ ও বারান্দায় ঠাঁই নেয়।
বিদ্যালয় ভবনে গিয়ে দেখা যায়, ভবনটির ছাদ, বিম, কলাম, মেঝসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। কোথাও কোথাও থেকে পলেস্তারা খসে পড়ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এর একটি কক্ষেই ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছেন শিক্ষকেরা।
প্রধান শিক্ষক মকবুল হোসেন জানান, তিনি বিদ্যালয়ে ২০১৯ সালে যোগদান করেছেন। এখানে এসেই দেখেন বিদ্যালয়ের কক্ষগুলো ঝুঁকিপূর্ণ। ভবনটি ১৯৯৫-৯৬ অর্থবছরে নির্মাণ করা হয়েছে। ২৫ বছর পার হলেও ভবনটির কোনো সংস্কারই হয়নি। তারপরও সেখানে পড়ানো হতো। ভবনের ঝুঁকির বিষয়টি ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের ঠাকুরগাঁও সদর উপজেলার তৎকালীন প্রকৌশলী ইসমাইল হোসেন বিদ্যালয় পরিদর্শন করে সেখানে পাঠ দেওয়া বন্ধ রাখার সুপারিশ করেন। সেই থেকে বিদ্যালয়ের মাঠে স্লিপ প্রকল্পের খরচায় ৫১ ফুট দৈর্ঘ্য আর ২১ ফুট প্রস্থের একটি ছাপরা ঘর তুলে শিক্ষকেরা পাঠদান চালু রাখেন। সম্প্রতি সেই ঘরটি ঝড়ে উড়ে গেছে।
শিক্ষক খন্দকার জাকিয়া সুলতনা বলেন, ‘পাঠ চালিয়ে যাওয়ার সময় যখন আমাদের ওপর রোদ এসে পড়ে, তখন ছায়া খুঁজে বেঞ্চ সরিয়ে নিতে হয়। এভাবে ঘণ্টায় কমপক্ষে দু-তিনবার বেঞ্চ টানাহেঁচড়া করতে হয়। আর বৃষ্টির সময় তো ক্লাসই বন্ধ হয়ে যায়। আর বেঞ্চ টানাহেঁচড়া করতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীদের আঘাত পাওয়ারও ঝুঁকি থাকছে।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিফা আক্তার বলে, ‘এক দিনে কয়েকবার বেঞ্চ নিয়ে ছায়ায় গিয়ে বসতে হয়। এতে কষ্ট হয়। অনেক সময় হাত-পায়ে ব্যথাও পাই।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা জানান, বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এ সময় পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বিকল্প ব্যবস্থায় দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।