পীরগঞ্জে শিক্ষকের পিটুনিতে হাসপাতালে ভর্তি মাদ্রাসাছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলার মানচিত্র

ক্লাসের পড়া না পারায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার প্রধান শিক্ষের বিরুদ্ধে।

পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের একান্নপুর সতুল কোরআন নুরে জান্নাত হাফেজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার ওই ছাত্রীকে পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই স্কুলছাত্রীর নাম মুমতারি জাহান (৯)। এ ঘটনায় তার বাবা মোসাদ্দেক হোসেন শুক্রবার বিকেলে প্রধান শিক্ষক আল মামুনের বিরুদ্ধে পীরগঞ্জ থানার ওসির কাছে মৌখিক অভিযোগ করেন। মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘এখনো লিখিত অভিযোগ পাইনি। ওই ছাত্রীকে আগে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি।’

অভিযোগের বিষয়ে মাদ্রাসার শিক্ষক আল মামুন বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পড়ার জন্য বেত দিয়ে দুয়েকটা পিটুনি দেওয়া হয়। এটা আমার ভুল হয়েছে। আর এমন হবে না।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সকালে মাদ্রাসা থেকে তাঁর মেয়েকে ছুটি নিয়ে বাড়িতে আনা হয়। পরে গোসল করানোর সময় শরীরের আঘাতের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেলেন শিশুটির মা আকতারি বেগম। পরে শিশুটি মা–বাবাকে জানায়, শুদ্ধভাবে পড়া দিতে না পারায় তাকে এবং অন্য আবাসিক শিক্ষার্থীদের ওই শিক্ষক লাঠি দিয়ে প্রতিদিন পেটান। এ কথা বাড়ির কাউকে জানালে আরও পেটানো হবে বলে ভয় দেখান। এ কারণে সে কাউকে বিষয়টি জানায়নি।

শুক্রবার বিকেলে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুর রহমান সোয়ান প্রথম আলোকে বলেন, শিশুটির হাত-পায়ে লাঠি দিয়ে পেটানোর চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, শিশুটির বাবা ঘটনাটি তাঁকে জানিয়েছেন। তিনি থানায় মামলা করতে বলেছেন।