নিখোঁজের পাঁচ বছর পর আমেনার সন্ধান পেলেন স্বজনেরা
দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন আমেনা বেগম (৫৫)। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। দু–চার দিন পর আবার ফিরে আসতেন। পাঁচ বছর আগে একদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলেন তাঁরা। অবশেষে পাঁচ বছর পর আমেনার দেখা পেয়েছেন স্বজনেরা।
পুলিশের সহায়তায় আজ মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে আমেনাকে নিয়ে পঞ্চগড়ে বাড়ি ফিরেছেন স্বজনেরা। আমেনার বাড়ি দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রামে। তাঁর স্বামীর নাম বদিউজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর সকালে কনকনে শীতের মধ্যে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বারান্দায় অপরিচিত এক নারীকে অসুস্থ অবস্থায় কাতরাতে দেখেন এলাকাবাসী। ওই দিনই পুলিশের উদ্যোগে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ওঠার পর পুলিশ সদস্যরা নানাভাবে তাঁর পরিচয় জানার চেষ্টা চালান। কিন্তু তিনি প্রসঙ্গ এড়িয়ে অন্য কথা শুরু করে দেন। কয়েক দফা চেষ্টার পর নিজের পরিচয় জানান আমেনা।
আমেনার দেওয়া ঠিকানা নিয়ে দেবীগঞ্জ থানায় যোগাযোগ করে জুড়ী থানা–পুলিশ। সেখান থেকে পরিচয় নিশ্চিত করা হয়। খবর পেয়ে আমেনার স্বামী বদিউজ্জামান ও ছেলে রমজান আলী আজ সকালে জুড়ী থানায় পৌঁছান। এ সময় আমেনাকে দেখে তাঁরা বিস্মিত হয়ে যান। তাঁকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিকেলে আমেনাকে নিয়ে পঞ্চগড়ের পথে রওনা দেন।
স্বজনেরা বলেন, আমেনা এর আগেও কয়েকবার কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েন। তবে প্রতিবারই দু-চার দিন পর বাড়ি ফিরে যান। ২০১৭ সালে নিখোঁজের পর থেকে তাঁর আর সন্ধান মিলছিল না।
থানা থেকে বেরোনোর সময় আমেনার স্বামী বদিউজ্জামান বলেন, খুঁজে না পেয়ে তাঁরা ধরে নিয়েছিলেন, কোনো দুর্ঘটনায় আমেনা বোধ হয় মারা গেছেন। খোদার মেহেরবানিতে তাঁকে ফিরে পেয়ে তাঁরা খুব খুশি। পুলিশ ও এলাকার মানুষকে তাঁরা ধন্যবাদ জানান।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, আমেনা বেগমকে তাঁর আপনজনদের কাছে হস্তান্তর করতে পেরেছেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ মানবিক কাজে যুক্ত থাকার চেষ্টা করে। এটা এ রকম একটা প্রচেষ্টা।