ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়া হলো না রিপনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বছর কয়েক আগে একটি তামাকের কোম্পানিতে চাকরি পেয়েছিলেন রিপন আলী (৩৭)। তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়াচ্ছিল অসচ্ছল পরিবারটি। ঈদের ছুটি শেষে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থল কুষ্টিয়া শহরে ফিরছিলেন রিপন। পথে মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর এলাকায় পৌঁছালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে তাঁর।

নিহত রিপন আলী গাংনী উপজেলার মুন্দা-মাজের গ্রামের হকারজ্জেল আলীর ছেলে।

নিহত রিপনের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে রিপন আলী কর্মস্থলে যোগ দিতে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। গাংনীর আকুবপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় রিপন রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।

নিহত রিপনের বাবা হকারজ্জেল আলী বলেন, ‘কয়েক বছর হলো রিপন একটি তামাক কোম্পানিতে চাকরি পেয়েছে। আমাদের অসচ্ছল পরিবারটি ঘুরে দাঁড়িয়েছিল। সবকিছু স্বাভাবিক চলছিল। কিন্তু রিপন চলে যাওয়ায় সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।