মাদারীপুরে ফার্নিচারের দোকানে হঠাৎ কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ, কিশোর নিহত

মাদারীপুরের ডাসার উপজেলার একটি ফার্নিচারের দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায়ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক রবিউল মাতুব্বর আহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম নজরুল ইসলাম (১৩)। সে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে রবিউল মাতুব্বরের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় দোকানে থাকা কেমিক্যালের একটি ড্রাম হঠাৎ বিস্ফোরিত হয়। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় নজরুল ও দোকানমালিক রবিউলকে উদ্ধার করেন।

একপর্যায়ে ওই দুজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল হাসপাতালে চিকিৎসাধীন।

ওই কিশোরের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি
ছবি: সংগৃহীত

নজরুলের মৃত্যুর খবরে শোক নেমেছে তার পরিবারে। নজরুলের বাবা হানিফ শরীফ বলেন, ‘আমার ছেলে কামে গিয়ে আর ফিরত আইলো না। কীভাবে কী হয়ে গেল, আমরা বুঝলাম না। ছেলেডা যে বেঁচে নাই, এইডা কীভাবে মানব?’

ওই কিশোরের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ রাত আটটার দিকে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে বিস্ফোরক পদার্থের কোনো আলামত পাননি। তাদের ধারণা, কেমিক্যালের ড্রামে গ্যাস জমেছিল। যন্ত্র দিয়ে ড্রাম কাটার সময় ওই গ্যাসের বিস্ফোরণ ঘটে।

সোলায়মান মাহমুদ বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য নিহত কিশোরের পরিবার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।