খুলনায় বিএনপির ৪৭ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

নাশকতার তিনটি মামলায় খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪৭ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আর অসুস্থ ও বয়স বিবেচনায় ১৩ জনকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরের দিকে তাঁরা খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য হাজির হয়েছিলেন। বিচারক মীর শফিকুল আলম ৪৭ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো বিএনপি ৪৭ নেতা–কর্মীর মধ্যে রয়েছেন পাইকগাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বটিয়াঘাটা থানা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান।

আসামিপক্ষে আদালতে বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। এর মধ্যে মমরেজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আগে থেকে প্রতিটি থানায় নাশকতার অভিযোগে বিএনপির নেতা–কর্মীদের নামে মামলা করেছিল পুলিশ। পরে ওই তিন থানার ৬১ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। গত ২২ জানুয়ারি তাঁরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। সেদিন জামিন শুনানি না করে বিচারক আজ জামিন শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী ৬০ জন আদালতে হাজির হয়েছিলেন। শুনানি শেষে বিচারক ৪৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজন আদালতে হাজির হননি। বাকি ১৩ জনকে অসুস্থ ও বয়স বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান প্রথম আলোকে বলেন, মামলাগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো আসলে গায়েবি মামলা। বিএনপি যে ১০ দফা ঘোষণা করেছে, তাতে সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেছে। আন্দোলন-সমাবেশে রাখো মানুষের সমাগম হচ্ছে; আর তা দেখে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। এ জন্য সরকার ঈর্ষান্বিত হয়ে বিএনপির নেতা–কর্মীদের নামে মামলা দিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু সরকারের ওই ইচ্ছা কোনো দিনও সফল হবে না। দেশের মানুষ আজ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে।