পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’
জমি কেনার ২৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন এক নারী। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁর অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজন পিস্তল ঠেকিয়ে ওই নারীকে বলেন, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব।’ এরপর নারীর ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার নারীর নাম শামসুন নাহার (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শামসুন নাহার অটোরিকশায় করে রাউজান সদরের সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও দুই স্বজন ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজনের হাতে পিস্তল ছিল। অস্ত্রের মুখে শামসুন নাহারের ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।
শামসুন নাহার বলেন, অস্ত্রধারীরা তাঁর অটোরিকশা আটকে ২৫ লাখ টাকা নিয়ে গেছেন। জমি রেজিস্ট্রি করতে তিনি ওই টাকা নিয়ে উপজেলা রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তিনি রাউজান থানায় মামলা করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।