বাধা ছাপিয়ে বই উৎসবে তাহসিন
জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী কাজী তাহসিন। তবে এই প্রতিবন্ধকতাকে বাধা মনে করেনি সে। ১৫ বছরের তাহসিন নিজের মনোবল দিয়ে এগিয়ে যাচ্ছে। পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ তার। চট্টগ্রাম নগরের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে এ বছর নবম শ্রেণিতে ভর্তি হয়েছে সে।
আজ সোমবার বছরের প্রথম দিন অন্য শিক্ষার্থীদের মতো নতুন বইয়ের আনন্দের মেতেছে তাহসিনও। এদিন দুপুর ১২টার দিকে ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কথা হয় তাহসিনের সঙ্গে। বড় বোন কাজী তানজিলার সঙ্গে নতুন বই নিতে বিদ্যালয়ে এসেছে সে।
এর আগে নগরের একটি বেসরকারি বিদ্যালয়ে পড়ালেখা করেছে সে। এ বছর লটারির মাধ্যমে ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে সুযোগ পেয়েছে সে। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের হাত থেকে নতুন বই নেয় তাহসিন।
হুইলচেয়ারে বসে নতুন বই হাতে হাস্যোজ্বল কাজী তাহসিন। সহপাঠীরাও এসে তার সঙ্গে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করছে। তাহসিন জানায়, নতুন বই পেয়ে সে খুশি। যেদিন ভর্তি হতে এসেছিল, সেদিন শিক্ষকেরা তাকে বই উৎসবে আসতে অনুপ্রেরণা দিয়েছিলেন। সহপাঠীরাও আজ (সোমবার) তার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছে।
বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায়, সহপাঠী ও শিক্ষকেরা তাহসিনের সঙ্গে বই ভাগাভাগি করে নিচ্ছেন। তাদের সঙ্গে তাহসিনও হাসিমুখে কথা বলছে। নিজের হাতে থাকা বইগুলো বাকিদের সঙ্গে উঁচিয়ে ধরছে। তাহসিনকে সঙ্গে নিয়েই তার সহপাঠী ও অন্য শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বইয়ের আনন্দের মেতে উঠেছিল।
তাহসিনের বড় বোন কাজী তানজিলা বলেন, পড়ালেখার প্রতি তাহসিনের ঝোঁক বেশি। তাই পরিবার থেকেও তাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করা হয়। বছরের প্রথম দিন অন্য সবার মতো বই পেয়ে আনন্দিত সে।
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিক শাহেদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা চাইনি তাহসিন এই উৎসব থেকে বঞ্চিত হোক। তাই আমরা তাকে ভর্তির দিনই বই উৎসবে আসতে বলেছি। তার আগ্রহ-উদ্দীপনা দেখে আমরা অভিভূত। তার ইচ্ছাশক্তি প্রবল। শিক্ষকদের পক্ষ থেকে তাহসিনকে পড়ালেখার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’