পল্লবীর শিশু হত্যা মামলায় সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে : আইনমন্ত্রী

শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রীছবি : প্রথম আলো

পল্লবীর শিশু হত্যা মামলার বিচারকার্যে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য–প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

আজ রোববার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এ কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, পরে সিদ্ধান্ত জানাবেন। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘সরকার সারা দেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে। এটা আমাদের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ও শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।