প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কর্নেল(অব) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। আজ বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায়ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে চট্টগ্রামের চন্দনাইশে ঝাড়ুমিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ শনিবার বিকেলে বিএনপির সংসদ সদস্য জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম এ হাশেমের নেতৃত্বে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, অলি আহমেদের সাম্প্রতিক বক্তব্য দেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁরা তারেক রহমানকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি কর্নেল অলিকে চন্দনাইশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান তাঁরা। পরে ঝাড়ুমিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা নওশা মিয়া সওদাগর, আ ক ম মোজাম্মেল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুদ, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।