‘ঘূর্ণিঝড়ের সিগন্যাল শুরু হলেই আর রাতে ঘুমাতে পারি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় বেড়িবাঁধের ২০০ মিটার অংশ অনেক আগেই বিলীন হয়ে গেছে। এখন ঘূর্ণিঝড় সিত্রাং অগ্রসর হতে থাকায় স্থানীয় লোকজন আতঙ্কে আছেন
ছবি: প্রথম আলো

‘ঘূর্ণিঝড়ের সিগন্যাল শুরু হলেই আর রাতে ঘুমাতে পারি না। শুধু আমি না, ঘরের কেউ ঘুমাতে পারে না। সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। বাড়ির ছোট শিশুরাও ভয়ে থাকে। গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র বস্তায় ভরে প্রস্তুত থাকি। অবস্থা খারাপ দেখলেই ঘরবাড়ি ফেলে স্কুলের দিকে চলে যাই।’

ঘূর্ণিঝড়ের সময় নিজেদের অসহায়ত্বের কথা বলছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকা জেলেপাড়ার বাসিন্দা সুখময় দাস। ঘূর্ণিঝড়ের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগে সুখময় ছাড়াও সোনাইছড়ি ইউনিয়নের উত্তর, দক্ষিণ ও মধ্যম ঘোড়ামরা গ্রামের প্রায় দুই হাজার পরিবারকে দুশ্চিন্তায় দিন কাটাতে হয়। কারণ, কয়েক বছর আগে সীতাকুণ্ডের ঘোড়ামরা এলাকায় বেড়িবাঁধের ২০০ মিটার অংশ বিলীন হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ২০০ মিটার ওই বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে দুই বছর আগে। কিন্তু জেলেদের দাবি, পাঁচ থেকে ছয় বছর ধরে তাঁরা এই দুর্ভোগের মধ্যে আছেন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল রোববার থেকে সীতাকুণ্ডে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ সোমবার সকাল থেকে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। সাগর উত্তাল হয়ে পড়েছে। জোয়ারের পানির উচ্চতাও স্বাভাবিকের চেয়ে বেশি। ফলে দিনের জোয়ারেও ঘোড়ামরার জেলেপাড়ায় পানি ঢুকে গেছে।

আজ দুপুরে ওই এলাকা পরিদর্শনে যান সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এস এম তারেক।

সুখময় বলেন, বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড়ের সিগন্যাল লাগে না। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারেও বাড়িতে পানি উঠে যায়। বর্ষাকালের প্রতিদিনই বাড়িতে জোয়ারের পানি ঢুকে। তখনো নিয়মিত তাঁদের দুর্ভোগ পোহাতে হয়।

একই এলাকার বাসিন্দা সুজন দাস বলেন, পাঁচ বছর ধরে এই দুর্ভোগ পোহালেও কেউ তাঁদের জন্য এগিয়ে আসেননি। খালের ওপর স্লুইচগেট আছে, কিন্তু বেড়িবাঁধ নেই।

সীতাকুণ্ডের ইউএনও মো. শাহাদাত হোসেন ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, ২২ কিলোমিটারের ওই বেড়িবাঁধের ২০০ মিটার অংশ একেবারে বিলীন হয়ে আছে, সেটা তিনি জানতেন না। স্থানীয় বাসিন্দারা কেউ তাঁকে জানাননি। এখন মাত্র ২০০ মিটারের জন্য সীতাকুণ্ড উপকূল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে আছে। বেড়িবাঁধটি দ্রুততম সময়ে সংস্কার বা পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোর উপসহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্প তৈরি হলে প্রয়োজনে তিনি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন।

এ বিষয়ে উপজেলা পাউবোর উপসহকারী প্রকৌশলী এস এম তারেক বলেন, দুই বছর আগে বেড়িবাঁধটি একেবারে বিলীন হয়ে গেছে। এরপর তাঁরা ছোট আকারের একটি প্রকল্প দিয়ে টাকা বরাদ্দ নিয়েছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁদের জমি থেকে মাটি দিতে রাজি হননি। ফলে বেড়িবাঁধটি আর করা হয়নি। টাকাগুলো ফেরত দিয়েছেন। এবার আবার নতুন করে প্রকল্প তৈরি করে দ্রুততম সময়ে বেড়িবাঁধ নির্মাণ করবেন বলে জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই ফুট জোয়ার বেশি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জেলেরা। জেলেদের যা ক্ষতি হবে, তা পূরণ করার মতো নয়। তিনিও দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের দাবি জানান।