চলন্ত অ্যাম্বুলেন্স থেকে ছুড়ে ফেলল নবজাতক, লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলন্ত অ্যাম্বুলেন্স থেকে একটি নবজাতককে ছুড়ে ফেলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে চকরিয়া থানা–পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের লাশটি উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পরিত্যক্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, চকরিয়া উপজেলার খুটাখালী ইউপি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী একটি অ্যাম্বুলেন্স থেকে একটি নবজাতক ছুড়ে ফেলা হয়। আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে একটি শিশুর লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পরিত্যক্ত জায়গা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নবজাতকের বয়স এক দিন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যে অ্যাম্বুলেন্স থেকে নবজাতকটি ছুড়ে ফেলা হয়েছে, ওই অ্যাম্বুলেন্স শনাক্ত করার চেষ্টা চলছে।