রাউজানে গাছ পড়ে ভাঙল খুঁটি, ৪৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাত গ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুটি বড় রেইনট্রি গাছ পড়ে তিনটি বিদ্যুতের খুঁটি ভেঙে সাতটি গ্রাম ৪৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এতে সাতটি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। গ্রামগুলো হলো পাঁচখাইন, নাথপাড়া, কোয়েপাড়া, বড়ুয়াপাড়া, লাম্বুরহাট, বাগোয়ান, পাঠানপাড়া ও দেওয়ানপুর। আজ বুধবার বেলা দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
গত সোমবার বিকেল চারটার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামের পাঁচখাইন সম্মিলনী উচ্চবিদ্যালয় এলাকায় তিনটি বিদ্যুতের খুঁটির ওপর দুটি রেইনট্রি ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রাউজানের নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ভারী বৃষ্টির সময় বাগোয়ান ইউনিয়নের বড়ুয়াপাড়া পাঁচখাইন সম্মিলনী উচ্চবিদ্যালয় এলাকায় ২৫ থেকে ৩০ বছর বয়সী দুটি রেইনট্রি তিনটি বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে। এতে তিনটি বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার নতুন করে খুঁটি স্থাপন ও তার টানানোর কাজ করেন বিদ্যুৎ বিভাগের ৩০ থেকে ৩২ জন কর্মী। কাজ শেষে সংযোগ চালু করতে না পারায় সন্ধ্যায় তাঁরা চলে যান। আজ সকালে আবার তাঁরা কাজ শুরু করেছেন।
পাঁচখাইন নাথপাড়া এলাকার বাসিন্দা শান্ত কুমার নাথ আজ সকালে ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ৪১ ঘণ্টা ধরে অন্ধকারে তাঁর গ্রামের মানুষ। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে গাছ ভেঙে খুঁটিতে পড়ায় তাঁরা এই ভোগান্তির মধ্যে পড়েছেন।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঘটনার পর লোকজনের মাধ্যমে খবর জেনে তিনি বিদ্যুতের কার্যালয়ে যোগাযোগ করেন। এরপর তাঁদের কর্মীরা এসে কাজ শুরু করেন। তাঁর এলাকার সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম-২-এর আওতাধীন রাউজান নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপব্যবস্থাপক সুজিত কুমার প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে ৩০ থেকে ৩২ জন কর্মী ওই এলাকায় কাজ করছেন। আজ বিদ্যুতের সংযোগ চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।