রাজশাহীতে এসএসসির ফলে এগিয়ে মেয়েরা, কমেছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। শুক্রবার রাজশাহীর সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) এবারও সব দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে তারা। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ৮৭ দশমিক ৮৯। এর আগের বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮। তবে এ বছর জিপিএ-৫ আগের বছরের তুলনায় অনেক কমেছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ লাখ ৬ হাজার ৩৩০ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৭০৫ জন। এ বছর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। গত বছর ছিল ৪২ হাজার ৫১৭ জন। অর্থাৎ পরীক্ষার্থী সংখ্যা এবার বেশি থাকলেও উল্লেখযোগ্য হারে জিপিএ-৫ আগের বছরের তুলনায় কমেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম বলেন, আগের বছরের তুলনায় পরীক্ষার পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে। মেয়েরা পড়াশোনার বিষয়ে একটু বেশি মনোযোগী হওয়াতে তারা ফলাফলে যথারীতি ভালো করে আসছে। এবারও ভালো করেছে।

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এ বছরও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে আছে মেয়েরা। চলতি বছর ৯৮ হাজার ৫৮ মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। মেয়েদের পাসের হার ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ। তারা জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৭১৩ জন। অপর দিকে এ বছর ১ লাখ ৫ হাজার ৫৬৭ ছেলে পরীক্ষার্থী ছিল। তাদের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। তারা জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১৬৪ জন। এ বছর ২ হাজার ৬৮১টি স্কুল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে ১৭৮টি স্কুলের শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা একটি। পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ২৬৫টি।

চলতি বছর বোর্ডের আটটি জেলার মধ্যে সবচেয়ে পাসের হার বেশি জয়পুরহাট জেলায়। এই জেলায় পাসের হার ৮৮ দশমিক ৭১ শতাংশ। এরপর রয়েছে নওগাঁ ৮৭ দশমিক ৯৮ শতাংশ, সিরাজগঞ্জ ৮৭ দশমিক শূন্য ৫ শতাংশ, বগুড়া ৮৬ দশমিক ৮০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জ ৮৪ দশমিক ৫৯ শতাংশ, পাবনা ৮৪ দশমিক ৪৩ শতাংশ, রাজশাহী ৮৪ শতাংশ। সবচেয়ে কম পাসের হার নাটোর জেলায় ৮৩ দশমিক ৮৮ শতাংশ।

পরীক্ষায় জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা কিছুটা কম সময় পেয়েছে। তা ছাড়া করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে পড়েছিল। যদিও সে সময় শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করেছে। কিন্তু অনলাইন ক্লাসে সামর্থ্য না থাকায় অনেকেই অংশ নিতে পারেনি। তবে আশা করা যাচ্ছে, সামনের বছরগুলোতে শিক্ষার্থীরা আরও ভালো করবে। তারা পড়াশোনা করার সময়ও পাবে।