নাটোরে ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের মামলা করার আদেশ স্থগিত
হেফাজতে নির্যাতনের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম-লালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা করার আদেশ স্থগিত করেছেন নাটোরের জ্যেষ্ঠ দায়রা জজ। নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে এই আদেশ দেওয়া হয়।
নাটোরের জ্যেষ্ঠ দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, লালপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিন লালপুর থানায় অটোরিকশা ছিনতাইয়ের একটি মামলার আসামিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৩ জুলাই বড়াইগ্রাম-লালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করার আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে গতকাল রোববার নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জ্যেষ্ঠ দায়রা জজ আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন। আবেদনটি গ্রহণ করে আদালত পিপির বক্তব্য শোনেন।
পিপি আদালতকে বলেন, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের পূর্বানুমতি লাগে। সেটা না করেই মামলা করার আদেশ দেওয়া হয়েছে। তিনি ওই আদেশের কার্যকারিতা স্থগিত চান। আদালত মামলা করার আদেশের কার্যকারিতার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। আগামী ২৬ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঘোষণা করা হয়।
পুলিশের অভিযুক্ত পাঁচজন হলেন নাটোরের বড়াইগ্রাম-লালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও ওমর ফারুক, কনস্টেবল সিহাব হোসাইন।
নাটোর আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মোজাম্মেল হোসেন বলেন, আমলি আদালত মামলা করার নির্দেশ দিয়েছিলেন। মামলা তো এখনো হয়নি। তাই সরকারের পূর্বানুমতি নেওয়া না–নেওয়া এ ক্ষেত্রে প্রাসঙ্গিক না। তা ছাড়া মামলা গ্রহণের পরও সরকারের অনুমতি নেওয়া সুযোগ আছে। পাশাপাশি দায়রা জজ তাঁর অধীনস্থ আদালতের আদেশ যুক্তিসংগত মনে না করলে তা সাময়িক স্থগিত করে নথি তলব করতে পারেন।
নাটোরের জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, অভিযুক্তরা সরকারি চাকরিজীবী। সরকারের অনুমতি না নিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা যায় না। তবে কেউ সংক্ষুব্ধ হলে তাঁর আবেদনে পক্ষভুক্ত হয়ে শুনানি করে কাঙ্ক্ষিত আদেশ চাইতে পারেন বা উচ্চ আদালতে যেতে পারেন।