রায়পুরায় নদীতে ভাসতে থাকা বিলুপ্তপ্রায় শজারু উদ্ধার, পরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার দুপুরে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা ঘাটসংলগ্ন স্থানে সজারুটি অবমুক্ত করা হয়
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে ভাসতে থাকা বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শজারু উদ্ধারের পর সমতলে অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা ঘাটসংলগ্ন স্থানে শজারুটি অবমুক্ত করা হয়।

এর আগে ভোরের দিকে নদীর ওই অংশে নৌকায় করে মাছ ধরার সময় রাশেদ মিয়া (৩০) নামের এক জেলে শজারুটি উদ্ধার করেন।

রাশেদ মিয়া বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে পান্থশালা এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যান তিনি। মাছ ধরা শেষে ভোর পাঁচটার দিকে ফেরার সময় পানিতে ভাসতে থাকা শজারুটিকে নড়াচড়া করতে দেখেন। এটিকে বড় ধরনের ইঁদুর ভেবে মেরে ফেলতে চেয়েছিলেন সঙ্গে থাকা একজন। এ সময় এটিকে ধরতে গিয়ে গায়ের তিন-চারটি কাঁটা তাঁর হাতে বিঁধে। পরে শজারুটিকে নৌকায় তুলে বাড়ি নিয়ে যান। এর ওজন প্রায় পাঁচ কেজির মতো হবে।

স্থানীয় একজন সাংবাদিক উদ্ধার হওয়া শজারুটির ছবি রাজধানীর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানার কাছে পাঠান। তিনি এটিকে দেশীয় শজারু (Indian Crested Porcupine) বলে চিহ্নিত করেন। তাঁর চেষ্টায় আজ দুপুরে স্থানীয় মসজিদের ইমামের সহযোগিতায় ওই জেলে শজারুটিকে অবমুক্ত করেন।

জানতে চাইলে বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, খাবারের খোঁজে শজারুটি হয়তো নদীর পানিতে চলে এসেছিল। সাধারণত পানিতে তার যাওয়ার কথা নয়। যেখান থেকে শজারুটি ধরা হয়েছিল, এর আশপাশে ছেড়ে দেওয়ায় ধারণা করা হচ্ছে তার পরিবারকে খুঁজে নিতে পারবে সে।