কক্সবাজারে ৬৩ ইউনিয়নের ৩ লাখ মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার চিরিঙ্গা এলাকায় অবস্থান করেন। মঙ্গলবার বিকেলে
ছবি-প্রথম আলো

টানা ভারী বর্ষণ ও সাগরের পূর্ণিমার জোয়ারের প্রভাবে আজ মঙ্গলবার কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার ৮ উপজেলার ৬৩টি ইউনিয়নের অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে পাহাড়ধসে বা বন্যায় নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড়ি ঢলের কারণে জেলার প্রধান নদী মাতামুহুরী, বাঁকখালী ও ঈদগাঁও নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নদীগুলোর তীরবর্তী এলাকার ৬৮ হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থান তলিয়ে গিয়ে নদীর চেহারা নিয়েছে। এতে যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

এর আগে গতকাল সোমবার বন্যার পানিতে ভেসে পাঁচজনের মৃত্যু হয়েছিল। বিলীন হয়েছে অন্তত ৩৭০টি কাঁচা ঘরবাড়ি।

কক্সবাজার জেলা প্রশাসনের দুর্যোগ নিয়ন্ত্রণকক্ষের হিসাবে, জেলার ৮ উপজেলার ৬৩টি ইউনিয়নের ২ লাখ ৯১ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পর্যন্ত ২৮৮ আশ্রয়কেন্দ্রে ৩৩ হাজার ৭৩৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া জেলার ৪৬ কিলোমিটার সড়ক বন্যায় ডুবে গেছে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী তানভীর সাইফ আহমেদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, পূর্ণিমার জোয়ারে চকরিয়ার কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে (৮০ সেন্টিমিটার) প্রবাহিত হচ্ছে। এর ফলে নদীর দুই তীরের ১০-১৫টি গ্রামের শত শত ঘরবাড়ি নিমজ্জিত হয়েছে। রামুর বাঁকখালী নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই এলাকার কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে।

জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভাষ্যমতে, সবচেয়ে বেশি বন্যাকবলিত হয়েছেন চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নের অন্তত দেড় লাখ মানুষ। পাশের উপজেলা পেকুয়াতে ৭ ইউনিয়নের অন্তত ৭৩ হাজার মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছেন। গতকাল চকরিয়ার বরইতলীতে বাড়ির মাটির দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে মাতামুহুরী নদীতে স্রোতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে নিখোঁজ হন শাহ আলম নামের এক যুবক। আজ বিকেল পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। এ ছাড়া উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসে মা–মেয়ে নিহত হন।

বন্যার পানিতে ডুবে আছে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার। মঙ্গলবার বিকালে
ছবি-প্রথম আলো

চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, মাতামুহুরী নদীর পানি উপচে এবং বেড়িবাঁধ ভেঙে কাকারা, লক্ষ্যারচর, বুমুবিল ছড়ি, সুরাজপুর—মানিকপুর, কৈয়ারবিল, কোনাখালীসহ চকরিয়ার ১৮ ইউনিয়নের দেড় লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। রান্নার কাজ বন্ধ থাকায় শত শত ঘরে খাবারের সংকট চলছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে থাকায় পাঠদান বন্ধ রাখা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, বন্যার পানিতে চকরিয়া ও পেকুয়া এবং কক্সবাজার সদরের পোকখালী ও গোয়াখালীতে ৬০-৭০টি স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে।

চকরিয়ার কোনাখালীর কৃষক আবদুল মান্নানের (৫৫) বসতভিটা তিন দিন ধরে ডুবে আছে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে তাঁর মাটির ঘরের একটি দেয়াল ধসে পড়েছে। পুরো এলাকা পানিতে ভাসছে। ওই এলাকায় বহু মাটির ঘর ধসে পড়েছে বলে জানান আবদুল মান্নান।

এদিকে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের ৬০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে জানিয়েছেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান। তিনি বলেন, পাহাড়ি ঢলের কারণে ঈদগাঁও নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধ ভেঙে এ তিন ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, ভারী বর্ষণ ও পূর্ণিমার উচ্চ জোয়ারের প্রভাবে চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, কক্সবাজার সদর, রামু, টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গত ব্যক্তিদের মধ্যে দ্রুত শুকনা খাবার পৌঁছানো হচ্ছে। গৃহহীন মানুষদের আশ্রয়কেন্দ্রে সরানো হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নৌকা নিয়ে পানিবন্দী মানুষের ঘরে ঘরে যাচ্ছেন এবং তাঁদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছেন। বিকেল পর্যন্ত শতাধিক আশ্রয়কেন্দ্রে ১২ হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে।