বিকেলে নিখোঁজ গৃহবধূ, রাতে পুকুর থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় বাড়ির পাশের পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে আজ শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ঝিকড়া ফৌজদারপাড়া গ্রামের পুকুরে রাবেয়া সুলতানা (২৫) নামের ওই গৃহবধূর লাশ পাওয়া যায়। তিনি একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রাবেয়া সুলতানা বাড়ি থেকে নিখোঁজ হন। এ সময় বাড়িতে পাঁচ বছরের মেয়ে ছাড়া আর কেউ ছিল না। স্বামী বৈদ্যুতিক পাম্প মেরামত করার জন্য উপজেলার তাহেরপুরে ছিলেন। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। গৃহবধূর বাবার বাড়ি নওগাঁর আত্রাইয়ে খবর পাঠিয়ে অবস্থান জানার চেষ্টা করা হয়। সেখানে রাবেয়া যাননি বলে জানানো হয়।

এদিকে বাড়ির গোসল করার পাম্প বিকল হওয়ায় রাবেয়া পুকুরে গোসল করার জন্য যেতে পারেন বলে ধারণা করেন পরিবারের লোকজন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা বাড়ির পাশের পুরোনো একটি পুকুরে গৃহবধূর স্যান্ডেল ভাসতে দেখেন। পরে পুকুরে নেমে রাবেয়াকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটের পানির নিচে তলিয়ে থাকা রাবেয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসক গৃহবধূকে মৃত বলে জানান।

স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন, রাবেয়া সাঁতার জানতেন না। বাড়িতে বৈদ্যুতিক পাম্পের পানিতে গোসল করতেন। বৃহস্পতিবার সেটি বিকল হয়ে যায়। তা মেরামতের জন্য উপজেলার তাহেরপুরে নেওয়া হয়। তা সচল না হওয়াতে তিনি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আজ সকালে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।