সংসদ সদস্যের ‘অবৈধ সম্পদ’ অর্জন নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরের সংসদ সদস্যের ‘অবৈধ সম্পদ’ অর্জন নিয়ে সংবাদ প্রকাশ করায় পত্রিকা পোড়ানো ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শহিদুল ইসলাম সরকার। আজ বুধবার দুপুরে নাটোর সদর থানায় তিনি জিডিটি করেন। শহিদুল দৈনিক যুগান্তরের নাটোর জেলা প্রতিনিধি।
জিডি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দৈনিক যুগান্তরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের অবৈধ সম্পদ অর্জন নিয়ে ‘কানাডায় স্ত্রীর নামে বাড়ি, ব্যাংকে কাঁড়ি কাঁড়ি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের কারণে গতকাল বিকেল পাঁচটায় শহরের কানাইখালীতে সংসদ সদস্যের পক্ষের কিছু লোক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। সেখানে বক্তারা সাংবাদিক শহিদুল ইসলাম সরকারকে শহরে প্রবেশ করতে নিষেধ করেন। তাঁর হাত-পা ভেঙে দেওয়াসহ প্রাণনাশের হুমকিও দেন। পরে তাঁরা দৈনিক যুগান্তরের একটি কপি পুড়িয়ে দেন। এসব ঘটনায় শহিদুল নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংসদ সদস্য শফিকুল ইসলামের অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সমাবেশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তারুল ইসলাম আলম বলেন, সাংবাদিক শহিদুল ইসলাম জামায়াতের কর্মী। তিনি উদ্দেশ্যমূলকভাবে এমপির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। তিনি (শহিদুল) নাটোর প্রেসক্লাবের সহসভাপতি। তাঁকে আর প্রেসক্লাবে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা প্রেসক্লাবে অবস্থান নিয়ে তাঁকে প্রতিহত করবেন।
এ বিষয়ে সাংবাদিক শহিদুল ইসলাম সরকার বলেন, ‘আমি আমার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে প্রতিবেদনটি করেছি। প্রতিবেদনে সংসদ সদস্যের বক্তব্যও ছাপা হয়েছে। এরপরও প্রতিবেদন নিয়ে কোনো বক্তব্য থাকলে তা প্রচলিত নিয়ম অনুসরণ করার সুযোগ রয়েছে। কিন্তু সংসদ সদস্যের পক্ষে যাঁরা বিক্ষোভ সমাবেশ করেছেন, তাঁরা মাইকে ঘোষণা দিয়ে আমার হাত ভেঙে নেওয়ার হুমকি দিয়েছেন। আমাকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছেন। আমি যাতে প্রেসক্লাবে যেতে না পারি, সে জন্য তাঁরা ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের প্রেসক্লাবে অবস্থান নেওয়ার কথা বলেছেন। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, সাংবাদিক শহিদুল ইসলাম আজ একটি জিডি করেছেন। জিডির বিষয়বস্তু আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।