মেহেরপুর সীমান্তে থাকা ছয়জনকে ফিরিয়ে নিল বিএসএফ
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার শিকার দুই পরিবারের ছয় সদস্যকে ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার পর বিএসএফ তাঁদের সীমান্ত এলাকা থেকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে অবৈধভাবে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে বাংলাদেশে ঢুকতে না পেরে, ভারতের ভেতরেও ফিরতে না পেরে তাঁরা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে একটি পাটখেতের কাছে অবস্থান নেন।
দুই পরিবারের এই সাতজনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। এক নারীকে বিএসএফ ওই দিনই রাত ১২টায় নিজেদের হেফাজতে নেন। বাকিরা গতকাল ভোর থেকে গভীর রাত পর্যন্ত সেখানেই ছিলেন। এই সংকট নিরসনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গতকাল সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। ফলে নিরুপায় হয়ে তারা সেখানেই থাকেন।
গ্রামবাসী জানায়, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তারা বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় পাহারায় ছিলেন। পরে রাত তিনটার দিকে বিএসএফ ওই ছয়জনকে উদ্ধার করে ভারতের ভেতরে নিয়ে যায়।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বলেন, রাত ৩টার পর বিএসএফ ওই ছয়জনকে তাদের সীমান্ত এলাকা থেকে ফেরত নিয়ে গেছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।